ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাস্থলে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর রাজধানীর শেরেবাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ওই কমিটির সাধারণ সম্পাদক এনামুল হাসান ওরফে সম্রাটকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গতকাল শুক্রবার এসব সিদ্ধান্ত নেয়।এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বাণিজ্য মেলাস্থলে এখন কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। যাঁরা চাঁদা দাবি করেছিলেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এসব কারণে ব্যবসায়ী ও বিক্রয়কেন্দ্র নির্মাণকারী ঠিকাদারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বাণিজ্য মেলায় বড় ও মাঝারি বিক্রয়কেন্দ্র (প্যাভিলিয়ন) নির্মাণের জন্য ছাত্রলীগের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নেতাদের চাঁদা দিতে হচ্ছে। চাঁদা না দিলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। নির্মাণকাজও বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান চাঁদা দিয়ে সমঝোতা করে আবার কেউ ‘বড় নেতা’ ধরে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।বাণিজ্যমন্ত্রী জি এম কাদের মেলার প্রস্তুতি পর্বে চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার কাছে চিঠি দেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘চাঁদা না দিলে প্রাণ যাবে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন হবে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘শেরেবাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংগঠনের আগের কমিটি বাতিল এবং সাবেক সাধারণ সম্পাদককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের নামধারী কিংবা পদধারী যেকোনো স্তরের নেতা যদি বাণিজ্য মেলায় কোনো ধরনের চাঁদা বা অনৈতিক কাজ করতে যায়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে।’ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক জানান, শেরেবাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করে নারায়ণকে সভাপতি ও আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করা হয়েছে।প্রতিবাদ: এদিকে গতকাল এক প্রতিবাদপত্রে সাংসদ নূরুন্নবী চৌধুরীর ভাই নুরুল আমিন চৌধুরী দাবি করেন, বাণিজ্য মেলাস্থলে চাঁদাবাজির সঙ্গে তিনি জড়িত নন। ছাত্রলীগের চাঁদা দাবি করা ওই নেতা-কর্মীদেরও তিনি চেনেন না।:N:যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি