আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের চারটি হল শাখায় যে কমিটি গঠন করা হয়েছে, তাতে চিহ্নিত শিবির কর্মীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এ বিষয়টি চিহ্নিত হয়েছে। তা ছাড়া কিছু ব্যক্তি আছে, যারা ক্ষমতাসীন দলে অনুপ্রবেশ করে। সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য তারা ষড়যন্ত্রমূলকভাবে একটি দলকে হাইজ্যাকও করে।আশরাফ বলেন, তবে যে ঘটনা ঘটেছে, সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সব পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রসংগঠনের নামে কোনো গুন্ডামি বরদাশত করা হবে না। ছাত্রলীগ বা যেকোনো ছাত্রসংগঠনের নামে সন্ত্রাস হলে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির দলীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সরকার ও ১৪ দল সচেষ্ট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মূল হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওই দিনের সংঘর্ষের ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, ছাত্রলীগ তাদের বহিষ্কার করেছে।ছাত্রলীগে শিবির বা সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘ছাত্রলীগ আমাদের সহযোগী বা অঙ্গ সংগঠন নয়। আমরা অনুরোধ করতে পারি, এই হচ্ছে তদন্ত প্রতিবেদন, তোমাদের এ সমস্যা আছে, ব্যবস্থা নাও। এ ছাড়া আমাদের তো কোনো কর্তৃত্ব নেই তাদের ওপর।’ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম-সম্পর্কিত আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনা যে ঘটেছে, সে কথা আমরা অস্বীকার করছি না, বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে। এসব বিষয় আমরা গুরুত্ব দিচ্ছি। কারা এসব করছে, সেগুলো চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। যেখানে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, সেখানে আইনগত ব্যবস্থা নিয়েছি, সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।’রাজশাহীর ঘটনা পরিকল্পিত: অন্য এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তা সম্পূর্ণ পরিকল্পিত। কদিন আগে জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী রাজশাহী সফর করেছেন। তিনি সেখানে জনসভায় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, হুমকি দিয়েছেন। তা ছাড়া উত্তরবঙ্গের সব শিবির কর্মীকে রাজশাহীতে নিয়ে জড়ো করা হয়।ছাত্ররাজনীতি বন্ধের পরিকল্পনা নেই: অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘ছাত্ররাজনীতি বন্ধের কোনো পরিকল্পনা নেই। কারণ যা সংবিধানে নেই, তা আমরা বাস্তবায়ন করব না। ছাত্ররাজনীতি পৃথিবীর সব দেশে আছে। সাংবিধানিকভাবে ছাত্ররা সংগঠন করতে পারে। শ্রমিক, নারী বা অন্যরা সংগঠন করতে পারে। তবে সংগঠনের নামে কেউ অপরাধমূলক কার্যকলাপ করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এটাও সংবিধানে আছে।’হুমকি মোকাবিলায় প্রস্তুত: বিরোধী দল সংসদে যাবে, আবার রাজপথেও আন্দোলন করবে—এ বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা পরিকল্পনা নেব। ১৪ দল রাজপথে ছিল, আছে। আমরা একসঙ্গে সরকার গঠন করেছি। সুতরাং আমরা ঐক্যবদ্ধ। যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় আমরা সদা প্রস্তুত। সে সামর্থ্য আমাদের আছে।’বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় সন্তোষ: ১৪ দলের বৈঠকে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে বলে জানান সৈয়দ আশরাফ। বৈঠকের প্রস্তাবে বলা হয়, এ রায় কার্যকরের মাধ্যমে বাঙালি জাতির কালিমা মোচন হয়েছে। যারা এখনো পলাতক আছে, তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করার ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়কে স্বাগত জানানো হয়েছে। বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।মেয়র পদে ১৪ দলের প্রার্থী: বৈঠকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়। সৈয়দ আশরাফ বলেন, মেয়র পদে ১৪ দল একক প্রার্থী দেবে। এ ব্যাপারে আলোচনা শুরু হয়েছে।সংবাদ ব্রিফিংয়ে ১৪ দলের নেতাদের মধ্যে ছিলেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আবদুল মান্নান খান, আবু সাঈদ মাহমুদ আল স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ। সৈয়দা সাজেদা চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।ছাত্রলীগের সঙ্গে আ.লীগের দুই নেতার বৈঠক: ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাঙ্গনগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ছাত্রলীগের নেতাদের সঙ্গে গতকাল রাতে বৈঠকে বসেন ছাত্রলীগের সাবেক দুই নেতা। তাঁরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির ও বি এম মোজাম্মেল হক। রাত সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত একটার দিকে।