ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে রাব্বি (৯) নামের বহিরাগত এক শিশু নিহত হয়েছে। শিশুটির মাথায় গুলি লাগে। আহত হয়েছে ২৫ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে এ কথা জানা গেছে।শিশু নিহত হওয়ার ঘটনায় আশপাশের গ্রামবাসী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ও ফজলুল হক হলে ভাঙচুর চালায় এবং ঈশা খাঁ হল ও শহীদ জামাল হোসেন হলে আগুন লাগিয়ে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্র ও কাল রোববার সকাল আটটার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টদের আহবায়ক আসলাম আলী জানান, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, নিহত রাব্বি বিশ্ববিদ্যালয় এলাকার বয়ড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময় শুরু হয়। আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও দরপত্র নিয়ে বিরোধের জের ধরে তিন দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বহিরাগত ওই শিশু নিহতসহ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুলিবিদ্ধ ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে সাধারণ সম্পাদকের সমর্থক রাসেল বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে গেলে সেখানে অবস্থানরত সভাপতির সমর্থক নেতা-কর্মীরা তাঁকে ধাওয়া করেন। খবর পেয়ে সাধারণ সম্পাদকের পক্ষের নিয়ন্ত্রিত হলগুলো থেকে নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে আসেন। এরপর দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। উভয় পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছোড়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।ক্যাম্পাস সূত্র জানিয়েছে, দুই পক্ষের সংঘর্ষের সময় কমপক্ষে ১০টি গুলির শব্দ শোনা গেছে। সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় রাব্বী নামে বহিরাগত ওই শিশু নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়। এর প্রতিবাদে বর্তমানে এলাকাবাসী পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে রেখেছে। তাঁরা দুটি হল ভাঙচুর ও দুটি হলে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এর আগে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নাসরীন সুলতানা প্রথম আলো ডটকমকে বলেছিলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত। আমরা শিক্ষার্থীদের হলে হলে পৌঁছে দিয়েছি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বহিরাগত এক শিশু আহত হয়েছে। আমরা তার চিকিত্সার সব ব্যয় বহন করব।’শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।