ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া তিনজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।নিহত শিশুটির নাম রাব্বি (১০)। সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের বয়ড়া গ্রামের টেম্পোচালক দুলাল মিয়ায় ছেলে। রাব্বির মৃত্যুর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছয়টি আবাসিক হলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। আগুন দেয় দুটি হলের কয়েকটি কক্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে ছাত্রদের এবং আজ রোববার সকাল আটটার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামছুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতার জের এবং টেন্ডারবাজি ও নিয়োগ-বাণিজ্যের অর্থ ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়। এক পক্ষের নেতৃত্ব দেন সভাপতি। অপর পক্ষের নেতা সাধারণ সম্পাদক। এ ছাড়া, ছাত্রলীগের কমিটির (গতকাল বিলুপ্ত) মেয়াদ আগামী এপ্রিল মাসে শেষ হওয়ার কথা ছিল। সংঘর্ষের পেছনে নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের রেশও থাকতে পারে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার চার দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে এসব সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ২৫ নেতা-কর্মী আহত হন। টানা কয়েক দিন ধরে এসব সংঘর্ষ ও উত্তেজনা চললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের সমর্থক রাসেল বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে গেলে তাঁকে ধাওয়া করেন সভাপতি-সমর্থক নেতা-কর্মীরা। খবর পেয়ে সাধারণ সম্পাদকের পক্ষের নিয়ন্ত্রিত হলগুলো থেকে নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে আসেন। দুপুর ১২টার দিকে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ক্যাম্পাসের জব্বার মোড় থেকে লন্ডন ব্রিজ এলাকা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো তৎপরতা দেখায়নি।উভয় পক্ষের নেতা-কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা কমপক্ষে ১০টি গুলি ছোড়েন। লন্ডন ব্রিজ এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় পথচারী শিশু রাব্বির মাথায় গুলি লাগে। দুপুর দুইটার দিকে গুরুতর অবস্থায় রাব্বিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখানে চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণ পর রাব্বি মারা যায়। সংঘর্ষের সময় শাহীন ও জয় বণিক নামের ছাত্রলীগের দুই কর্মীও গুলিবিদ্ধ হন। সব মিলিয়ে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এঁদের মধ্যে জাকারিয়া, প্রিন্স, নাঈম, নাজমুল, অনিক, ইমরানকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাব্বির মৃত্যুর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল, শহীদ জামাল হোসেন হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, শহীদ শামসুল হক হল, শাহজালাল হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হলে হামলা চালায়। তারা ওই সব হলের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর করে। এ সময় কম্পিউটার ও ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বিক্ষুব্ধ এলাকাবাসী ঈশা খাঁ হল ও জামাল হোসেন হলের কয়েকটি কক্ষে অগ্নিসংযোগ করে।বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি গ্রামের বাসিন্দা আওলাদ হোসেন বলেন, ‘ছাত্রলীগের নেতাদের নিজেদের স্বার্থের জন্য নিষ্পাপ শিশুটিকে প্রাণ দিতে হলো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ এবং আবাসিক হলে এলাকাবাসীর হামলার ঘটনার পর বিকেলে ক্যাম্পাসে মাইকিং করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা ও শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নাছরীন সুলতানা সন্ধ্যায় বলেন, ‘ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’ রেজিস্ট্রার নজিবুর রহমান বলেন, ‘ছাত্রদের আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে এবং রোববার সকাল আটটার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হক প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের সংঘর্ষের কারণেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমাদের প্রশাসনেরই নিরাপত্তা নেই। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের হল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’চারজন আটক: গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম কিবরিয়া জানান, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন: মৎস্যবিজ্ঞানের তিন ছাত্র জ্যোতিষ বণিক, ইমরান সরকার ও তারেক আজিজ ও রফিকুল ইসলাম। রফিকুলের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসপি।ছাত্রলীগের বক্তব্য: যোগাযোগ করা হলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বহিষ্কৃত সভাপতি শামছুদ্দিন আল আজাদ সংঘর্ষের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার কারণে এলাকাবাসী হলগুলোতে হামলা চালাতে পেরেছে।বহিষ্কৃত সাধারণ সম্পাদক রফিকুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।