ছাত্রলীগের চাঁদাবাজি, দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ
ছাত্রলীগের চাঁদাবাজির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে এখন মোট ৮০ কোটি টাকার নির্মাণকাজ চলছে। ছাত্রলীগ ২ শতাংশ হারে চাঁদা দাবি করছে। ঠিকাদারেরা জানিয়েছেন, চাঁদা না দেওয়ায় তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হল, ডা. ওয়াজেদ মিঞা বিজ্ঞান গবেষণাগার ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর হল, সুফিয়া কামাল হল, নতুন প্রশাসনিক ভবন, কলা ভবনের বর্ধিত অংশ ও স্কুল ভবনের নির্মাণকাজ চলছে। এগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হল ও নতুন প্রশাসনিক ভবনের কাজ গতকাল বন্ধ করে দেওয়া হয়।গতকাল বেলা দুইটার দিকে নির্মাণাধীন রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বন্ধ ছিল প্রশাসনিক ভবনের নির্মাণকাজও। সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে প্রকৌশলী জয়নুল আবেদিনের সঙ্গে কথা হলে তিনি জানান, ছাত্রলীগ পরিচয় দিয়ে টাকা চাওয়া হলে ওপরের নির্দেশে কাজ বন্ধ করে রাখা হয়েছে। কবে শুরু হবে তিনি জানেন না।একাধিক ঠিকাদার প্রথম আলোকে জানিয়েছেন, এর আগেও একাধিকবার ছাত্রলীগ চাঁদা চেয়েছিল। তাঁরা একদফা চাঁদা দিয়েছেনও। এখন ছাত্রলীগের নতুন কমিটি দায়িত্ব নিয়ে তারাও চাঁদা দাবি করছে। বিষয়টি উপাচার্যকে জানানো হলে জানুয়ারির প্রথম সপ্তাহে তিনি ঠিকাদারদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি কাউকে চাঁদা না দিয়ে কাজ চালিয়ে যেতে বলেন। এরপর চাঁদা চাওয়া বন্ধ ছিল। কিন্তু এক সপ্তাহ ধরে ছাত্রলীগের কর্মীরা আবার চাঁদার জন্য চাপ দিতে শুরু করেন। এর আগে ছাত্রলীগকে চাঁদা দেওয়ার ব্যাপারে সমঝোতা করে দেন একজন সহকারী প্রক্টর।জানতে চাইলে উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের কোনো নির্মাণকাজে চাঁদাবাজি করতে দেব না। যত দিন দায়িত্বে আছি, তত দিন এখানে কোনো চাঁদাবাজ ও শিবিরকে তৎপরতা চালাতে দেব না।’ যারা চাঁদাবাজি করছে ও মদদ দিচ্ছে, তাদের চিহ্নিত করা হবে বলে জানান তিনি।শেখ হাসিনা হল, রবীন্দ্রনাথ ঠাকুর হল, প্রশাসনিক ভবন, কলা ভবনের বর্ধিত অংশ ও বিশ্ববিদ্যালয়ের স্কুল ভবন নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মল্লিক এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমান মল্লিক গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর স্বামী ওয়াজেদ মিঞার নামে হল করতে গেলেও যদি চাঁদা দিতে হয়, তাহলে আমরা কোন দেশে আছি। কীভাবে আমরা এ দেশে ব্যবসা করব!’যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ বলেন, ‘এখন উপাচার্যের পদত্যাগের বিপক্ষে আমাদের অবস্থান। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল এবং ছাত্রলীগকে বিতর্কিত করতে উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদল, ছাত্রশিবির বা অন্য কেউ চাঁদাবাজি করে থাকতে পারে।’বিশ্ববিদ্যালয়ে এমন সময় দুটি ভবনের কাজ বন্ধ হয়ে গেল, যখন উপাচার্যের পদত্যাগের দাবিতে কর্মবিরতি করছে শিক্ষক সমিতি।গত মঙ্গলবার আবদুল মালেক নামের এক অসুস্থ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র, উপাচার্য ও শিক্ষকদের বাসভবন ভাঙচুর করা হয়। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স না পাওয়ায় ওই ছাত্রকে হাসপাতালে নিতে দেরি হওয়ার কারণে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।ভাঙচুরের ঘটনার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থী প্রথম আলোকে জানিয়েছেন, উপাচার্যের ওপর ক্ষিপ্ত ছাত্রলীগের একটি অংশ ভাঙচুরে উসকানি দিয়েছিল। গোপনে তৎপরতা চালানো ইসলামী ছাত্রশিবিরও এই সুযোগে শিক্ষকদের বাসভবনে হামলা চালাতে পারে।