গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগ কর্মীদের দরপত্র ছিনতাই এবং ঠিকাদারদের মারধর ও আটকে রাখার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার এ কমিটি গঠন করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববারের অপ্রীতিকর ঘটনার পর আজ সকাল ১০টায় উপাচার্য তাঁর কক্ষে শিক্ষকদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে শিক্ষকেরা ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তী সময় এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অনলাইনের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করে তদন্ত কমিটি। পাশাপাশি রোববারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার পুলিশ মোতায়েনে গাফিলতির বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ জন্য ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে তড়িত্ কৌশল অনুষদের ডিন মোহাম্মদ আবদুল মান্নান প্রথম আলোকে কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, টেক্সটাইল কৌশল বিভাগের যন্ত্রপাতি কেনার জন্য এক কোটি পাঁচ লাখ টাকার কার্যাদেশ দিয়ে সম্প্রতি দরপত্র আহ্বান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ছাত্রলীগের কর্মীরা এক ঠিকাদারকে মারধর এবং অন্য এক ঠিকাদারকে আটকে রাখে। এ ছাড়া আরেকজনের কাছ থেকে দরপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে এসব অপ্রীতিকর ঘটনার পর কর্তৃপক্ষ দরপত্র বাতিল করে।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক প্রথম আলো অনলাইনকে জানান, ছাত্রলীগের কিছু সংখ্যক নেতা-কর্মীর কাছে তাঁরা অসহায়। এতে শিক্ষা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। এর আগেও ছাত্রলীগের কর্মীরা গত চার মাসের ব্যবধানে একাধিক ঠিকাদারের কাছ থেকে চাঁদা আদায় করেছে। চাঁদা না পেয়ে তারা এক ঠিকাদারকে মারধর ও এক ঠিকাদারের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।