ছাত্রলীগের দুঃখ প্রকাশ, উপাচার্যের সঙ্গে প্রক্টরিয়াল বডির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও তিন সহকারী প্রক্টরের সঙ্গে দুর্ব্যবহার করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার তাঁরা উপাচার্য ও সহ-উপাচার্যের সঙ্গে দেখা করে ক্ষমা চান। একই সঙ্গে তাঁরা প্রক্টর ও সহকারী প্রক্টরদের পদত্যাগপত্র প্রত্যাহার করার অনুরোধ জানান। তবে প্রক্টর ও তিন সহকারী প্রক্টর শেষ পর্যন্ত পদত্যাগপত্র প্রত্যাহার করবেন কি না গতকাল রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা উপাচার্য আনোয়ারুল আজিম ও সহ-উপাচার্য মো. আলাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রক্টর ও সহকারী প্রক্টরদের সঙ্গে কর্মীদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা উপাচার্য ও সহ-উপাচার্যের কাছে দুঃখ প্রকাশ করেছি। একই সঙ্গে প্রক্টর ও সহকারী প্রক্টরদের পদত্যাগ না করতে অনুরোধ করেছি।’ দুর্ব্যবহারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের সঙ্গে প্রক্টরিয়াল বডির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে উপাচার্য পদত্যাগপত্র তুলে নিতে প্রক্টর ও তিন সহকারী প্রক্টরকে অনুরোধ করেন। গত মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের কর্মীরা প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করায় ওই দিনই প্রক্টর আকতার হোসেন ও তিন সহকারী প্রক্টর মঞ্জুর মোর্শেদ, মঈনুল ইসলাম ও শিপক কৃষ্ণ দেবনাথ পদত্যাগপত্র জমা দেন।এ প্রসঙ্গে প্রক্টর আকতার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের মানসম্মান রক্ষার জন্য পদত্যাগ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তাঁদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সীমা ছাড়িয়ে গেছে।’ তবে পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রক্টর ও সহকারী প্রক্টরদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত আছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’ তিনি বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্য ও সহ-উপাচার্যের কাছে ক্ষমা চেয়েছেন। তাঁরা এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।