ছাত্রলীগের দুই কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মীকে অপহরণ করা হয়েছে। তাঁরা হলেন রকিবুল হাসান এবং ইমতিয়াজ জামান। গতকাল শুক্রবার নগরের ভদ্রা ও কাটাখালী এলাকা থেকে পৃথকভাবে তাঁদের অপহরণ করা হয় বলে জানা গেছে। রকিবুল হাসান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং ইমতিয়াজ জামান ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র।এখন পর্যন্ত অপহূতদের কোনো খোঁজ মিলেনি। তাঁদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল ইসলাম জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে তিনি ও রকিবুল তাঁদের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশে ক্যাম্পাস থেকে অটোরিকশা যোগে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি নগরের তালাইমারী মোড় এলাকা পার হওয়ার পর একটি সাদা রঙের মাইক্রোবাস (যার নম্বর ঢাকা মেট্রো-ঘ ১১-৭৭১৬) তাঁদের অটোরিকশার গতি রোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তি বেরিয়ে এসে রকিবুল হাসানের নাম-পরিচয় জানতে চায়। এরপর তাঁকে ওই মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি তিনি তাত্ক্ষণিকভাবে ছাত্রলীগের নেতাসহ বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বলে উল্লেখ করেন।এদিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি জাকির হোসেন জানান, ইমতিয়াজ জামান তাঁর চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ইমতিয়াজ জামান নিজ বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশে নগরের কাটাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁর নাম-পরিচয় জানতে চায়। এর পরপরই তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে নিরুদ্দেশ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক কর্মী জানান, ইমতিয়াজ জামানকে তিনি রাজশাহী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) অফিসে নিয়ে যেতে দেখেছেন।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদ আলী ছাত্রলীগের দুই কর্মী অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনা শোনার পর ছাত্রলীগের পক্ষ থেকে মতিহার থানা-পুলিশ ও রাজশাহী র‌্যাব অফিসের লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাত্ হয়েছে। তিনি বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে পুলিশ ও র‌্যাব প্রশাসনকে অন্যায়ভাবে তাঁদের বিরুদ্ধে কোনো কিছু করার জন্য অনুরোধ করা হয়েছে।রাজশাহী র‌্যাব-৫-এর লেফটেন্যান্ট মাহদিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে তিনি কিছু জানেন না। কিছু জানতে পারলে সাংবাদিকদের কাছে সংবাদ-বিজ্ঞপ্তি পাঠানো হবে। র‌্যাব-৫-এর কমান্ডিং অফিসার (সিও) আবদুল্লাহ ইবনে জায়েদের সঙ্গে মুঠোফোনে এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, এ ব্যাপারে থানা-পুলিশ কোনো কিছু জানে না।বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, বিষয়গুলো তিনি শুনেছেন। তবে কে বা কারা তাদেরকে অপহরণ করেছে সে সম্পর্কে তিনি স্পষ্টভাবে কোনো কিছু বলতে পারেননি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।