ছাত্রদলের কর্মীর ওপর হামলার জের ধরে সিলেট সরকারি কলেজের ছাত্র রায়হান ও সবুজ নামের দুই ছাত্রলীগের কর্মীর হাতের রগ কেটে দিয়েছেন ছাত্রদলের কর্মীরা।আজ বুধবার সন্ধ্যায় নগরের শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগের আহত হওয়া দুই কর্মীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রদলের কর্মী আলী আহমদ চৌধুরী ওরফে ফাহাদকে ক্যাম্পাসে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সাধারণ শিক্ষার্থীরা ফাহাদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনার জের ধরে সন্ধ্যার পর সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রলীগের কর্মী রায়হান আহমদ ও সবুজ দেবকে নগরের শিবগঞ্জে ছাত্রদলের কর্মীরা মারধর করার পর রায়হানের দুই হাতের এবং সবুজের ডান হাতের কবজিতে কুপিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগের সিলেট সরকারি কলেজ শাখার আহ্বায়ক দেবাংশু দাস ওরফে মিঠু প্রথম আলোকে বলেন, কলেজ ক্যাম্পাসের ঘটনাটি ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা। এটি একটি আক্রোশমূলক হামলা।