রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক আটক, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন
ছাত্রলীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ-গুলি, ১৪৪ ধারা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের সমর্থকদের মধ্যে গতকাল শনিবার দুপুরে ক্যাম্পাসে গোলাগুলি, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।এ ঘটনায় গতকাল বিকেল থেকে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সামান্য সিগারেটের ধোঁয়া থেকে ঘটনার সূত্রপাত।সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কাছের একটি জায়গা থেকে তাঁকে আটক করা হয়।ঘটনার সূত্রপাত: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবিরের পক্ষের নয়ন ক্যাম্পাসের ‘টুকিটাকি চত্বরে’ বসে সিগারেট খাচ্ছিলেন। এ সময় সেখানে বসা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের গায়ে সিগারেটের ধোঁয়া লাগে। ওই ছাত্র বিষয়টি সাধারণ সম্পাদকের সমর্থক ছাত্রলীগের কর্মী ফারদিন ও রতনকে জানালে তাঁরা নয়নের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে আশপাশে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের বেশ কিছু কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। বাগিবতণ্ডার একপর্যায়ে ফারদিনকে দেখে নেওয়ার হুমকি দেন নয়ন। পরে বিষয়টি নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক সমঝোতায় বসেন। কিন্তু সমঝোতা হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের কর্মী ও সভাপতি পক্ষের সমর্থক ২০-৩০ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন। তাঁরা সেখানে থাকা সাধারণ সম্পাদক পক্ষের সমর্থক ফারদিন, রতন, আজিজ ও তানিমকে ধাওয়া করেন এবং একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনে নর্দমার মধ্যে ফেলে মারধর করে আহত করেন। আহত ফারদিন, আজিজ ও তানিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাদার বখ্শ, শহীদ হবিবুর রহমান ও শহীদ শামসুজ্জোহা হলের সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরা ওই হলগুলোতে সশস্ত্র অবস্থান নেন। খবর পেয়ে সভাপতি পক্ষের সমর্থক ৪০-৫০ জনের একটি দল মাদার বখ্শ ও সোহরাওয়ার্দী হলের সামনে গিয়ে সাধারণ সম্পাদক পক্ষের সমর্থকদের ধাওয়া করেন। এতে দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ১০-১২টি গুলি ছোড়ার ঘটনা ঘটে।সভাপতি পক্ষের সমর্থক ও বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের ছাত্র মেহেদী হাসানের হাতে গুলি লাগে। তাঁকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, সংঘর্ষের সময় সাধারণ সম্পাদকের সমর্থক গোলাপ, তুহিন, রতনসহ আরও কয়েকজন তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি অভিযোগ করে বলেন, গোলাপ, রতন ও তুহিন সব সময় অস্ত্র নিয়ে সাধারণ সম্পাদকের দেহরক্ষী হিসেবে কাজ করেন।আহত ফারদিন জানান, নয়ন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের গায়ে সিগারেটের ধোঁয়া ছাড়লে তিনি প্রতিবাদ জানান। এতে নয়ন ক্ষিপ্ত হয়ে তাঁর সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাঁকে হত্যার হুমকি দেন। পরে নয়নসহ সভাপতি পক্ষের সমর্থক আরিফ, ডিলস, মোস্তফা ও রকির নেতৃত্বে ২০-৩০ জন কর্মী হাঁসুয়া, চায়নিজ কুড়াল, চাপাতি, রামদা, রড, হকিস্টিকসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে তাঁরা ফারদিনকে এবং তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগের অপর দুই কর্মী আজিজ ও তানিমকে ধাওয়া করেন। তিনি বলেন, এ ঘটনার একপর্যায়ে তাঁদের নর্দমার মধ্যে ফেলে দিয়ে উপর্যুপরি আঘাত করে আহত করা হয়।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির জানান, সাধারণ সম্পাদকের উসকানি ও ইন্ধনের কারণেই তাঁর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন। এতে কিছু বহিরাগত, মাদকাসক্ত ও সুযোগসন্ধানী লোকজন ইন্ধন দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন তিনি। আওয়াল আরও জানান, ঘটনার ইন্ধনদাতা হিসেবে সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ও তাঁর কয়েকজন সমর্থককে আসামি করে মামলা করা হবে।পুলিশের হাতে আটক হওয়ার আগে সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম এ ঘটনার জন্য ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। তিনি সাংবাদিকদের জানান, একটি বিশেষ মহল ক্যাম্পাসকে অশান্ত করতে বিভিন্ন অপতৎপরতা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসে এ ধরনের ঘটনা ঘটেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া জানান, ক্যাম্পাসের অবস্থা বর্তমানে শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল থেকে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি এবং বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গোলাগুলি, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে পুলিশ আটক করেছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে তিনি উল্লেখ করেন।এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্টসহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে।হলে হলে তল্লাশি: এদিকে গতকাল রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে মতিহার থানার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে তল্লাশি শুরু করেন। গতকাল রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হলগুলোতে পুলিশের তল্লাশি অভিযান চলছিল।