ছাত্রলীগের দুই পক্ষে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনায় সাত সাংবাদিকসহ ছাত্রলীগের উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।সংঘর্ষের কারণে আজ ও কাল বৃহস্পতিবার সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে। বিকেলে কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীরকে আহ্বায়ক করে ১১ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।সংঘর্ষের সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাবাজার, জনসন রোড ও পাটুয়াটুলী সড়কের অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে সদরঘাট সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।সূত্র জানায়, বেলা সোয়া একটার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু সায়ীদের পক্ষের আপন নামের এক কর্মীকে মারধর করেন সভাপতি কামরুল হাসান। এ সময় পাশে থাকা সাধারণ সম্পাদকের পক্ষের জ্যেষ্ঠ নেতারা এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সভাপতির পক্ষের কর্মীরা একজোট হয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে প্রতিপক্ষের কর্মীরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান।এর ১৫ মিনিট পর সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে প্রধান ফটকের ভেতরে অবস্থান নেওয়া সভাপতির পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। শুরু হয় তুমুল সংঘর্ষ। উভয় পক্ষের কর্মীদের হাতে রামদা, চায়নিজ কুড়াল, হাতুড়ি ও রড দেখা যায়। কয়েকজন কর্মী পিস্তলের গুলিও ছোড়েন।বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীরা এবং ভেতরে সভাপতির পক্ষের কর্মীরা অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া করেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শহীদ মিনার এলাকা, ক্যাম্পাসের প্রধান ফটক এবং সামনের সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনার সময় ছাত্রলীগের কর্মীরা রাস্তায় থাকা চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। ছাত্রলীগের সভাপতিকে ঘটনাস্থলে উপস্থিত থেকে নিজ কর্মীদের সমর্থন দিতে দেখা যায়।এ ছাড়া শাকিল, মাসুদ, জামাল, সমরেশসহ ২০-২৫ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে রাজু, মোস্তফা, রয়েলসহ গুরুতর আহত নয়জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।সংঘর্ষ চলাকালে পুলিশ প্রথম আধা ঘণ্টা নীরব ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। বেলা পৌনে তিনটার দিকে পুলিশ ব্যাপক লাঠিপেটা শুরু করলে ছাত্রলীগের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।একপর্যায়ে পুলিশ অবকাশ ভবনের তৃতীয় তলায় সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা চালায়। এতে সমিতিতে থাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক খবরপত্র-এর প্রিন্স মাহমুদ, দি ইন্ডিপেনডেন্ট-এর জামিল খান, শীর্ষ নিউজের ইয়াসিন হোসেন, মানবজমিন-এর সালমানসহ সাতজন আহত হন। সাংবাদিক সমিতির আসবাব ভাঙচুর করে পুলিশ। একই সঙ্গে পুলিশ সমিতির পাশে ডিবেটিং সোসাইটির কক্ষে হামলা চালিয়ে জাফর সাদিক, মাহবুব, শুভাশীষসহ চারজনকে মারধর করে। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সাংবাদিকেরা ক্যাম্পাসে মৌনমিছিল করেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘সভাপতির পক্ষের কর্মীরা আমাদের রাজনীতি করতে দিতে চান না। তাই অন্যায়ভাবে হামলা চালিয়েছেন।’ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান বিষয়টি অস্বীকার করে বলেন, ‘জুনিয়র কিছু উচ্ছৃঙ্খল কর্মী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। দায়ী কর্মীদের বিরুদ্ধে শিগগির সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, ‘শুরুতে অল্পসংখ্যক পুলিশ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারিনি। পরে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি শান্ত করা হয়।’নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, ‘রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল।’প্রক্টর কাজী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, রাজনীতির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দিন ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। তদন্ত প্রতিবেদন পেলেই প্রশাসন চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেবে।ছাত্রলীগের কমিটি বিলুপ্ত: দুই পক্ষের সংঘর্ষের পর গতকাল রাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দায় চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।’ খোঁজ নিয়ে জানা যায়, ২০০৩ সালের ১৩ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ সদস্যের কমিটি হয়। এর মধ্যে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কমিটির বাকি সদস্যরা ছাত্রলীগ ছেড়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ এক বছর। সেই হিসেবে প্রায় সাত বছর আগেই কমিটির মেয়াদ শেষ হয়েছে।