চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন: ইকবাল হোসেন, আশরাফুল বারী, অসিত দে, সাগর বড়ুয়া, সম্রাট, রানা, সৌরভ ও জসিম। তাঁদের মধ্যে আশরাফুল বারী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সহসভাপতি এবং অন্যরা সদস্য। সংঘর্ষে জড়িত দুই পক্ষই নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। জানা যায়, বিকেলে মুজিবনগর দিবস উপলক্ষে কলেজ ছাত্রলীগ একটি শোভাযাত্রা বের করে। এ সময় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দিন সাত-আটজন যুবক নিয়ে হামলা চালান। হামলার সময় তাঁরা দা ও কিরিচ-জাতীয় ধারালো দেশি অস্ত্র ব্যবহার করেন। হামলায় শোভাযাত্রা ছত্রভঙ্গ হয়ে যায়।চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, কলেজ ক্যাম্পাস ও আশপাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মেহেদী হাছান ওরফে বাদলের নির্দেশে এ হামলা হয়েছে। তবে এ ব্যাপারে মেহেদী হাছানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।