ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে গোপালগঞ্জ শহর রণক্ষেত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার জেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মী ও সংগঠন থেকে বহিষ্কৃত নেতাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর নির্বাচন স্থগিত করা হয়েছে। কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।জানা গেছে, কলেজ সংসদ নির্বাচনে সংগঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রার্থী হওয়ায় সম্প্রতি ছাত্রলীগের সাতজন নেতাকে বহিষ্কার করা হয়। তার পরও তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। গতকাল সকাল নয়টার দিকে ছাত্রলীগ মনোনীত প্যানেলের সমর্থকেরা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীদের কর্মীদের মারধরের পর কলেজ চত্বর থেকে বের করে দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্রোহী পক্ষের নেতা-কর্মীরা পোস্ট অফিস মোড়, ব্যাংক পাড়া, মডেল স্কুল মোড়, পাচুরিয়াসহ শহরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ শেষে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সংগঠিত হয়ে বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। লাঠিসোঁটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষে হামলা-পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। থেমে থেমে বেলা তিনটা পর্যন্ত সারা শহরে এসব ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দোকানপাট বন্ধ হয়ে যায়। ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। এ সময় কলেজ চত্বরে ১০ জন এবং শহরের অন্যান্য অংশে আরও ৪০ জন আহত হন। তাঁদের মধ্যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ এবং ছাত্রলীগের সাবেক নেতা সরজিৎ সাহাসহ পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে এবং অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।সংঘর্ষের সময় ছবি তুলতে গিয়ে পাবলিক হল মোড়ে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বাদল সাহা আহত এবং কলেজ ক্যাম্পাসে কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হন।নির্বাচনে ছাত্রলীগ মনোনীত ভিপি প্রার্থী আবদুল হামিদ অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীরা (ছাত্রলীগ থেকে বহিষ্কৃতরা) পরাজয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে ভাঙচুর চালান এবং অনেককে মেরে আহত করেন। সারা শহরে তাঁরা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেন।তবে স্বতন্ত্র ভিপি প্রার্থী ইব্রাহিম খলিল বলেন, ‘ছাত্রলীগের নেতা ছাড়াও আওয়ামী লীগের অনেক নেতা ঘটনাস্থলে উপস্থিত থেকে ভোট কারচুপির চেষ্টা করেন। তাঁরা ভোটকেন্দ্রে ঢুকে আমার এবং জিএস প্রার্থী উজ্জ্বলের এজেন্টদের মারধরের পর বের করে দেন। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে নির্বাচন বাতিলের দাবি জানান।’কলেজের অধ্যক্ষ এস এম মখফুর হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনির্দিষ্টকালের জন্য কলেজের ক্লাস বন্ধ ও আগামীকাল (আজ) শুক্রবার সকাল আটটার মধ্যে ছাত্রদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, ইটের আঘাতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দলিল উদ্দিনসহ পুলিশের পাঁচ-ছয়জন সদস্য আহত হন।গোপালগঞ্জের পুলিশ সুপার আ. কুদ্দুস আমিন বলেন, কলেজ ক্যাম্পাস, পোস্ট অফিস মোড়, পাচুরিয়াসহ শহরের একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছে। পুলিশের লোকবল কম থাকায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া যায়নি।এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জ প্রেসক্লাবে শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে গতকাল দুপুরে পৃথক প্রতিবাদ করা হয়। সভায় হামলার নিন্দা এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।