রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার ও কমিটি গঠন নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কা প্রকাশ করে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনটি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ওয়াহিদা আক্তার জ্যেষ্ঠ স্বরাষ্ট্রসচিবের কাছে প্রতিবেদনটি পাঠান। প্রতিবেদনে এ পরিস্থিতি এড়াতে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।জানতে চাইলে জ্যেষ্ঠ স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের বিশেষ প্রতিবেদন পেলেই আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিই, এ ব্যাপারেও নিয়েছি। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা হওয়ার অবকাশ নেই।’রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর গতকাল এ প্রতিবেদন পাঠানো হয়।প্রতিবেদনে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মধ্যে দলাদলি (গ্রুপিং) প্রকট হয়ে উঠেছে। এক পক্ষের নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী এবং অন্য পক্ষের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক আবু হুসাইন। ১৭ জুলাই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সাধারণ সম্পাদকের পক্ষের কর্মী সোহেল খুন হন। ওই হত্যা মামলার অন্যতম আসামি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি (বর্তমানে বহিষ্কৃত) আখেরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) তৌহিদ আল তুহিন জামিন পেয়ে ক্যাম্পাসে আসা-যাওয়া করছেন। তুহিন সভাপতির পক্ষের এবং আখেরুজ্জামান সাধারণ সম্পাদকের পক্ষের সমর্থক।প্রতিবেদনে আরও বলা হয়, আগের কমিটিতে স্থান না পাওয়ায় এবং নিজে দলাদলির চেষ্টা করায় প্রতিপক্ষের আক্রোশের শিকার হন বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সহসভাপতি খালেদ হাসান। তাঁকেও বর্তমানে ক্যাম্পাসে দেখা যাচ্ছে। তিনি আহমেদ আলীর অনুগত হয়ে তাঁর আশ্রয়ে রয়েছেন বলে জানা যায়। খালেদ ক্যাম্পাসে ফিরে আসায় ওই ঘটনায় জড়িত প্রতিপক্ষরা (আবু হুসাইনের পক্ষের তাকিম, সেলিম, দেব, আলামিন প্রমুখ) আতঙ্কে রয়েছেন। এদিকে শহীদ হাবিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগের কর্মী এমদাদুর রহমান সভাপতির গ্রুপ ছেড়ে সাধারণ সম্পাদকের গ্রুপের সঙ্গে মেলামেশা করছেন। নিরাপত্তার ক্ষেত্রে তিনিও কিছুটা অনিশ্চয়তায় রয়েছেন।প্রতিবেদনে বলা হয়, তৌহিদ ও আখেরুজ্জামানের ক্যাম্পাসে প্রত্যাবর্তন, প্রতিপক্ষের হামলায় আহত খালেদের ক্ষোভ ও অসন্তোষ, এমদাদুরের পক্ষ ত্যাগ, সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিদ্যমান দলাদলি এবং ভবিষ্যতে হলের কমিটি গঠনে এর সম্ভাব্য প্রভাব ইত্যাদি কারণে যেকোনো সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতা হতে পারে। ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত ও অস্থিতিশীল হওয়ার পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, আহমেদ আলীর পক্ষে রয়েছেন কমিটির ছয় সহসভাপতি ও একজন বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক। তাঁরা হলেন খালেদ হোসেন, মাসুদ রানা, সাদ্দাম হোসেন, তাজমহল হিরো, আরিফ হোসেন, আনোয়ার হোসেন ও তৌহিদ আল তুহিন।আবু হুসাইনের পক্ষে রয়েছেন বহিষ্কৃত সহসভাপতি আখেরুজ্জামান, বর্তমান সহসভাপতি আল আরাফাত রাব্বী, বঙ্গবন্ধু হল শাখার আহ্বায়ক শাহ মো. সেলিম। এ ছাড়া রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার তিনজন যুগ্ম সম্পাদক সাইদুল রুবেল, এ বি এম আমিন ও সুদীপ্ত সালাম এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল হক।জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী প্রথম আলোকে বলেন, ‘সাধারণ সম্পাদকের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমাদের সম্পর্ক ভালো। আমরা একসঙ্গে ছাত্রশিবিরের বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই।’সাধারণ সম্পাদক আবু হুসাইন বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকতে পারে, ব্যক্তিগত সমস্যাও থাকতে পারে। কিন্তু আমাদের কোনো গ্রুপিং নেই, আমাদের সম্পর্ক অনেক ভালো।’