জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছেন।একাধিক সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা সংশোধনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে ক্লাস বর্জন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বেলা ১১টার দিকে ভূগোল ও পরিবেশ বিভাগের ১১৩ নম্বর কক্ষে ষষ্ঠ সেমিস্টারের ক্লাস হচ্ছে শুনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী সৌরভ, তরিকুল, মিলনসহ কয়েকজন সেখানে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন করতে বলেন। শ্রেণীকক্ষে থাকা শিক্ষিকা ক্লাস শেষ করার জন্য পাঁচ মিনিট সময় চাইলে ছাত্রলীগের কর্মীরা শ্রেণীকক্ষের দরজা-জানালায় লাথি মারেন ও ইটপাটকেল নিক্ষেপ করেন। ইটের আঘাতে সাতজন ছাত্রী আহত হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পক্ষের কর্মীরা সেখানে যান এবং শ্রেণীকক্ষে থাকা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীদের ধাওয়া করেন। প্রতিপক্ষও পাল্টা ধাওয়া করে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে।পরে সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীরা কলা অনুষদে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের ওপর হামলা চালান প্রতিপক্ষের কর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে আবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। তাঁরা কয়েকটি শ্রেণীকক্ষের কাচও ভাঙচুর করেন। দুই দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হন।বেলা পৌনে ১২টায় পুলিশ লাঠিপেটা শুরু করলে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুই ছাত্র বাবুল ও মামুনকে আটক করে। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মুচলেকা দিয়ে কোতোয়ালি থানা থেকে তাঁদের ছাড়িয়ে আনে।প্রশাসন জানায়, এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞান অনুষদের ডিন হাসনা হেনা বেগমকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে ছাত্রলীগ একমত। ছাত্রলীগের মধ্যে নয়, সংঘর্ষ হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান জানান, সকালে তিনি চাঁদপুরের উদ্দেশে যাওয়ার সময় মুঠোফোনে ঘটনাটি শুনেছেন। ফিরে এসে বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন।প্রক্টর কাজী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি কখনোই কাম্য নয়। তদন্ত করে ভূগোল বিভাগের শ্রেণীকক্ষে হামলা ও ক্যাম্পাসে ভাঙচুরকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ওই আইন সংশোধন বিষয়ে অগ্রগতি ও প্রশাসনের নেওয়া পদক্ষেপ সাধারণ শিক্ষার্থীদের জানাতে একটি প্রতিবেদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর। এ বিষয়ে উপরেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, আইন সংশোধনের বিষয়টি প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় হয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পৌঁছেছে। আগামী সংসদ অধিবেশনেই আইন সংশোধন হয়ে যেতে পারে।