কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আজ শনিবার সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে দুজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন জাসদ ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান। তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। অপরজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক মেহেদী হাসান। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত সাইফুজ্জামান জানান, ছাত্রলীগের বহিরাগতেরা তাঁকে ছুরিকাঘাত করার পর পালিয়ে গেছে। সংঘর্ষের সময় তিন-চারটি গুলির শব্দ শোনা যায়। বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি পক্ষ রয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকদের নিয়ে অপর একটি পক্ষ রয়েছে। এ পক্ষের সঙ্গে জাসদ ছাত্রলীগ ও ছাত্রমৈত্রী সম্প্রতি জোট বেঁধেছে।