চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে আজ শনিবার সকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তুষারসহ তিনজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।আহতেরা হলেন—শেখ কামাল, সাব্বির চৌধুরী, কামরুল হাসান ও আমিরুল ইসলাম। এঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শাটল ট্রেনের বগি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে একই বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহত কামাল ও সাব্বিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং কামরুল ও আমিরুলকে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদিকে, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তুষারসহ তিনজনকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি কাটা বন্দুক ও দুটি গুলিও উদ্ধার করা হয়।ছাত্রলীগের দুটি পক্ষই নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাসিরুদ্দিনের অনুসারী বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক খান তৌহিদ ওসমান জানান, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন শান্ত। তবে, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম ভূঁইয়া প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।