ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, কলেজ বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সংসদ নির্বাচন আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থগিত করা হয়েছে এবং বিকেলে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন কলেজের অধ্যক্ষ।আজ সকালে ছাত্রলীগের প্যানেল এবং ছাত্রলীগের বিদ্রোহীদের প্যানেলের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে আরও সংঘর্ষের আশঙ্কায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সংঘর্ষের ঘটনায় একজন সাংবাদিক, একজন ক্যামেরাম্যানসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।জানা গেছে, সকালে কলেজের সংসদ নির্বাচন শুরু হলে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেলের নেতা-কর্মীদের মারধর করে কলেজ চত্বর থেকে বের করে দেওয়া হয়। এরপর ছাত্রলীগের বিদ্রোহী প্যানেলের সদস্যরা শহরের পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ মিছিল বের করে কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করে রাখেন। পরে তাঁরা আবারও মিছিল নিয়ে কলেজচত্বরে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ বাঁধে। লাঠিসোটা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে দুই দল সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পাওয়ার হাউস সড়কে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তারের বাড়ি ভাঙচুর করা হয় এবং কলেজচত্বরে ১০ জনসহ সংঘর্ষ সারা শহরে ছড়িয়ে পড়লে আরও ৪০ জন আহত হয়।কলেজচত্বর ও পুরো শহরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। কলেজসহ আশপাশে র্যাব ও পুলিশ টহল দিচ্ছে।ছাত্রলীগের দাবি, এ ঘটনায় পুলিশ কোনো ভূমিকা পালন করছে না। তাই সংঘর্ষটি বড় আকার ধারণ করেছে।গোপালগঞ্জ পুলিশ সুপার আবদুল কুদ্দুস জানিয়েছেন, বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের কিছু সীমাবদ্ধতা আছে। তার পরও পুলিশ সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থাই নেবে।