ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ঢাকা শিক্ষক প্রশিক্ষণ কলেজ বন্ধ
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর ঢাকা শিক্ষক প্রশিক্ষণ কলেজ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্রদের ছাত্রাবাস ছাড়তে বলা হয়েছে। আজ সোমবার কলেজমাঠে খেলা নিয়ে দুই পক্ষে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন।নীলক্ষেত থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় কলেজের ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে লং জাম্প প্রতিযোগিতায় কে কার আগে নাম লেখাবেন, এ নিয়ে ছাত্রলীগের পারভেজ গ্রুপ ও জুয়েল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে বেলা আড়াইটার দিকে আবার দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছাত্রাবাসের ২০-২২টি কক্ষের কম্পিউটারসহ অন্যান্য আসবাব ভাঙচুর করা হয়। পরিস্থিতি খারাপ হলে বিকেলে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে।নীলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু দুপুরে আবার দুই পক্ষে সংঘর্ষ বাধে।কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কলেজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক রানা প্রথম আলোকে বলেন, ওই কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো কর্মী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।