জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। পাল্টপাল্টি ধাওয়া ও ভাঙচুরে জোর করে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জনা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পূর্ব পাশে চা ও খাবারের দোকানের সামনে নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর সঙ্গে মার্কেটিং বিভাগের কয়েকজন ছাত্রীর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মার্কেটিং বিভাগের এক ছাত্রী বিষয়টি জানান তাঁর পরিচিত মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মী দেলোয়ার হোসেন সোহেলকে। অন্যদিকে নৃবিজ্ঞান বিভাগের ওই ছাত্রী মুঠোফোনের মাধ্যমে ঘটনাটি জানান আলবেরুনী (বর্ধিতাংশ) হলের ছাত্রলীগের কর্মীদের।মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মী সোহেল, মনোয়ারসহ চার-পাঁচজন ঘটনাস্থলে উপস্থিত হন। অপর পক্ষে ছাত্রলীগের কর্মী মঞ্জুর হোসেন ও রিয়াজ হোসেন ঘটনাস্থলে যান। এ সময় উভয় পক্ষের কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয় এবং মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে আলবেরুনী (বর্ধিতাংশ) হলের কর্মী হাসিনুর রহমান মুন্সী ওরফে শামিম সেখানে উপস্থিত হলে মীর মশাররফ হোসেন হলের কর্মীরা তাঁকে মারধর করেন। পরে অপর শিক্ষার্থীরা আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পরপরই আলবেরুনী (বর্ধিতাংশ) ও শহীদ সালাম-বরকত হলের নেতা-কর্মীরা রামদা, চাপাতি, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে বের হন। তাঁরা ক্যাফেটেরিয়া এলাকায় মীর মশাররফ হোসেন হলের ছাত্র আসাদ, সোহাগ এবং ঢাকা থেকে ক্যাম্পাসে বেড়াতে আসা আরিফ, কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্র পলাশ ও মওলানা ভাসানী হলের ছাত্র রেজাকে বেধড়ক মারধর করেন। এ ছাড়া সেলিম আল দীন মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্য পার্বণ উপলক্ষে আলোকসজ্জার বাতি ও নানা উপকরণ ভাঙচুর করা হয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা একটি ল্যাপটপ ও বেশ কয়েকটি ব্যাগও নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ডেইরি গেটের খাবারের দোকানের শাটারসহ একটি ফ্রিজও ভাঙচুর করেন তাঁরা। মীর মশাররফ হোসেন হলের ছাত্রদের মারধর করার খবর পেয়ে হলের ছাত্রলীগের কর্মীরা দেশীয় নানা অস্ত্র নিয়ে অপর পক্ষের নেতা-কর্মীদের ধাওয়া করলে তাঁরা নিজেদের হলে ফিরে যান।বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মারধর করার খবর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হলে তিনি বলেন, ‘সাংবাদিকেরা সব সময় একটু বাড়িয়ে বলেন।’ তবে পরে ঘটনাস্থল থেকে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে তিনি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।আহত পলাশ ও আসাদকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বিভিন্ন সূত্রে জানা যায়, ভাঙচুরে অংশ নেওয়া অধিকাংশ ছাত্রই প্রথম ও দ্বিতীয় বর্ষের, যাঁদের মহড়ার কথা বলে ভাঙচুরে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর রাত আটটার দিকে আলবেরুনী (বর্ধিতাংশ) ও শহীদ সালাম বরকত হলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া উৎসব চলাকালে সেলিম আল দীন মুক্তমঞ্চে ভাঙচুরসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। একই দাবিতে আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে ক্যালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছেন ওই জোটের নেতা-কর্মীরা।মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মী দেলোয়ার হোসেন বলেন, ‘ছাত্রীদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার মীমাংসা করতে গেলে অপর পক্ষের কর্মীরা কোনো কারণ ছাড়াই আমাদের মারধর করেন। পরে আমাদের কর্মীরা উত্তেজিত হয়ে তাঁদের মারধর করেছেন।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি।’ কাউকে জোর করে সংঘর্ষ-ভাঙচুরে নেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, ‘ছোট ভাইয়েরা সব সময় আমাদের সঙ্গে থাকে।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বলেন, প্রয়োজনীয় তদন্তসাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।