ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার ও ছাত্রলীগের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। আর গুলিবিদ্ধ হয়েছেন দুজন।আজ বুধবার দুপুর ১২টায় শহরতলির ধর্মপুর এলাকার ডিগ্রি শাখায় ওই ঘটনা ঘটে। আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হকের অনুসারী সানাউল ইসলাম নামে ছাত্রলীগের এক কর্মীকে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে। এই গুঞ্জন শোনার পর আজ দুপুরে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের কলাভবনের সামনের একত্র হন। একপর্যায়ে তাঁরা কলেজের সাইকেল স্ট্যান্ডে প্রতিপক্ষের নেতা-কর্মীদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময়ে উভয় পক্ষে কমপক্ষে ৩০ রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ করলে বাহাউদ্দিনের অনুসারী বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র আমিরুল ইসলাম ও মুজিবুল হকের অনুসারী রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র কামরুল হাসান গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হন আরও আটজন। পরে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জসিম খান বলেন, ‘কলেজ শাখা ছাত্রলীগের কোনো কমিটি হয়নি। কমিটি নিয়ে আলোচনা চলছে। আজ কলেজের বার্ষিক মিলাদে গেলে আমাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা ও গুলি করে।’বাহাউদ্দিনের অনুসারী কলেজের ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, অছাত্রদের দিয়ে জেলা ছাত্রলীগের কমিটি গঠনের পর এবার কলেজেও তাঁরা একই কায়দায় কমিটি গঠন করতে চান। এরই প্রতিবাদে অছাত্র ও বহিরাগতদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে নিয়মিত ছাত্ররা।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, এটা কলেজের কোনো ব্যাপার নয়। কলেজের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। কলেজের স্বাভাবিক কার্যক্রম এ কারণে ব্যাহত হয়নি।কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ইলতুত্ মিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।