জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ ১২ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের ২৩ জনকে আটক করে।আজ বুধবার দুপুরে এ ঘটনার পর সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, পূর্ববিরোধের জের ধরে আজ সকাল সাড়ে নয়টায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতির পক্ষের জহির উদ্দিন বাবরের কর্মীরা সাবেক কমিটির সাধারণ সম্পাদক পক্ষের কর্মী আরাফাতকে মারধর করেন। এ ঘটনার জের ধরে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক পক্ষ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েক শ নেতা-কর্মী শহীদ মিনার ও কলা অনুষদ চত্বরে একজোট হন।বেলা সাড়ে ১২টার দিকে একজোট হওয়া নেতা-কর্মীরা লাঠি, রড, দা নিয়ে প্রধান ফটকে অবস্থানরত বাবর পক্ষের কর্মীদের ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে সাধারণ শিক্ষার্থীসহ উভয় পক্ষের নয়জন আহত হন। একপর্যায়ে বাবরের কর্মীদের মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন তাঁরা।এর পর লাঠি নিয়ে বাবরদের কর্মীদের খুঁজতে পুরো ক্যাম্পাসে অভিযান চালান তিন পক্ষের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সমাজবিজ্ঞান ও পুরোনো ব্যবসা অনুষদ ভবনে ভাঙচুর করেন। শহীদ মিনারের স্টিলের নিরাপত্তা-বেষ্টনী ভেঙে ফেলেন ছাত্রলীগের কর্মীরা।খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ লাঠিপেটা করে ছাত্রলীগের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের আটজনকে আটক করে থানায় নিয়ে যায়। প্রতিবাদে ছাত্রলীগের অর্ধশতাধিক কর্মী কোতোয়ালি থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে স্লোগান দেন। ছাত্রলীগের কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে একপর্যায়ে পুলিশ ১৫ জনকে আটক করে।এ ঘটনার পর পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সব বিভাগের ক্লাস ও পরীক্ষা তাত্ক্ষণিকভাবে স্থগিত করে দেয় প্রশাসন। ক্যাম্পাস অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।বিলুপ্ত কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও দক্ষিণাঞ্চল পক্ষের নেতা মাকসুদুর রহমান বলেন, অনেক দিন ধরেই বিভিন্নভাবে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছেন বাবরের কর্মীরা। তাই তাঁদের প্রতিহত করা হয়েছে।ছাত্রলীগের জহির উদ্দিন বলেন, ‘তাঁরা হিংসাত্মক রাজনীতি শুরু করেছেন। আমাদের না পেয়ে ক্যাম্পাসে ভাঙচুর করে সংগঠনের সুনাম নষ্ট করেছেন।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট হয়েছে। সম্পদ নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অজ্ঞাত ২০০ ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছ। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মামলা করেছে। এ ছাড়া পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।প্রসঙ্গত, গত ডিসেম্বরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।