মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আজ বুধবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত নেতা-কর্মীদের মাদারীপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই পক্ষ ছাত্রছাত্রী সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মিরাজ হোসেন ও বর্তমান সাধারণ সম্পাদক জহির মোল্লার সমর্থকদের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির সুপারিশ নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে ভর্তি নিয়ন্ত্রণ কক্ষে জহির মোল্লাকে মারধর করে প্রতিপক্ষ। পরে এ নিয়ে দুই পক্ষ রামদা, সুরকি, বল্লমসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ছাত্রসংসদের পক্ষে সহসভাপতি (ভিপি) জাহিদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংঘর্ষে গুরুতর আহত জুয়েল, অপু ও আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কলেজ উপাধ্যক্ষ বেগম জেবুন নাহার জানান, একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে কয়েক দিন থেকে দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। এ ঘটনা হয়তো তারই বহিঃপ্রকাশ। তবে এতে ভর্তিতে কোনো অসুবিধা হবে না।মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।