ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আজ রোববার সংঘর্ষ হয়েছে। এ সময় এক পক্ষ গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পক্ষের কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে আজ সকাল আটটার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে সভাপতির পক্ষের কর্মীরা অবস্থান নেন। তাঁদের সঙ্গে পিস্তল ছিল বলে অনেকে জানিয়েছেন। অন্যদিকে বেলা ১১টার দিকে সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে অবস্থান নেন। সাড়ে ১১টার দিকে সভাপতির পক্ষের কর্মীরা প্রতিপক্ষের দিকে গুলি ছোড়েন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশকে তখন নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। দুপুর ১২টার দিকে শরিফুল ও সিরাজুল একসঙ্গে ক্যাম্পাসে ঢুকে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রক্টর অশোক কুমার সাহা জানান, তুচ্ছ ঘটনায় ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সভাপতি শরিফুল জানান, ঘটনার পর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল বিষয়টি মীমাংসার জন্য তাঁদের ডেকেছেন।সাধারণ সম্পাদক সিরাজুল দাবি করেন, ‘জামায়াত-শিবিরের উদ্দেশ্য বাস্তবায়ন করতে বিনা কারণে তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কয়েকটি ব্যানার ছিল, সভাপতির কর্মীরা তা পুড়িয়ে দিয়েছে।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের নয়টি শেল ও দুটি ফাঁকা গুলি ছোড়ে।