শাটল ট্রেনে পানি ছিটানোর জের ধরে গতকাল শনিবার বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুর অনুসারীদের মধ্যে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।আহত ছাত্ররা হলেন: ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক ও নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রবিউল ইসলাম, পদার্থবিদ্যা দ্বিতীয় বর্ষের জাহেদুল ইসলাম, সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হোসাইন কবির, গণিত দ্বিতীয় বর্ষের ছাত্র রনি সেন ও ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র রুবেল দে। গুরুতর আহত ছাত্রদের মধ্যে রবিউল ডান পায়ে, জাহেদুলের মাথায় ও হোসাইনের পিঠে এলোপাতাড়ি কোপ পড়ে। গতকাল বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে আলমগীরের অনুসারীরা শাহজালাল হলে এবং মামুনুল হকের অনুসারীরা শাহজালাল হলের বিপরীত পাশে দোকানে অবস্থান নেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, শাটল ট্রেনে পানি ছোড়াছুড়িকে কেন্দ্র করে মামুনুল হকের অনুসারীদের সঙ্গে আলমগীরের অনুসারীদের বাগিবতণ্ডা হয়। এর পরপরই আলমগীরের নেতৃত্বে জমির ও কায়সারসহ অন্যরা রামদা-চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে মামুনুল হকের অনুসারীদের ওপর হামলা চালায়।গতকালের ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সাব্বির আহম্মদ চৌধুরী হাটহাজারী থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আলমগীর টিপুকে প্রধান আসামি করা হয় বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক খান তৌহিদ ওসমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলন: গতকাল বিকেল পাঁচটার দিকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে মামুনুল হকের অনুসারীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৈয়ব। লিখিত বক্তব্যে বলা হয়, সাংগঠনিক সম্পাদক আলমগীরের সঙ্গে ছাত্রশিবিরের যোগসাজশ রয়েছে।এদিকে আলমগীর টিপু তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, মামুনুল হকের অনুসারীরা ঘটনা ঘটিয়েছে।