ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চারজনকে কুপিয়েছে প্রতিপক্ষ।আহত নেতা-কর্মীরা হলেন ইব্রাহীম খলিল (২০), আল-আমিন (২০), তারেক মাহমুদ (২১) ও অপু আহমেদ (২০)। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অন্য দুজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। এ ঘটনায় মধ্যরাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এদিকে আজ বুধবার সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে দফায় দফায় মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। ফলে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।জানা যায়, গতকাল রাত ১১টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের কামরুজ্জামান ও সাব্বির হোসেনের নেতৃত্বাধীন দুটি পক্ষ ক্যাম্পাসের ১ ও ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেয়। ক্যাম্পাসের অগ্নিবীণা হলকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।একপর্যায়ে কামরুজ্জামানের নেতৃত্বাধীন পক্ষের নেতা-কর্মীরা সাব্বির গ্রুপের ওই চারজন কর্মীকে কুপিয়ে ফেলে রেখে যান। আহতদের প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শিক্ষার্থীরা জানান, আজ অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের মিডট্রাম ও বিবিএর চতুর্থ ব্যাচের পরীক্ষা ছিল। কিন্তু এই পরিস্থিতির কারণে পরীক্ষা বন্ধ হয়ে যায়। ১২টি বিভাগের কোথাও ক্লাস হয়নি।শিক্ষার্থীরা সংঘর্ষের ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল করে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাবীবুর রহমান জানান, ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। উপাচার্য এ ব্যাপারে একটি সভা ডেকেছেন। পরীক্ষা নিয়ন্ত্রক নির্মল সাহা জানান, আজ পরীক্ষা ছিল না। ক্লাস বন্ধ রয়েছে। ক্যাম্পাসে মিছিল হচ্ছে।