ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে আজ রোববার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, ব্যায়ামাগার সম্পাদক মো. রিপন, সদস্য মো. মিশু ও অনিক। তাঁদের সবাইকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিকের সঙ্গে সদস্য অনিকের বিরোধ চলছিল। মাঝেমধ্যেই তাঁদের মধ্যে ছোটখাটো ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে আজ বেলা দুইটার দিকে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে একে অপরের ওপর আক্রমণ করলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সদর থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, ‘সংঘর্ষের ঘটনাটি সঠিক। তবে কী কারণে ঘটেছে, তা জানা যায়নি। আমরা ঘটনাস্থলে আসার পর কাউকে পাইনি।’কলেজ ছাত্র সংসদের সহসভাপতি মো. মোরশেদ আলী জানান, ছাত্রলীগের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। বহিরাগত কিছু সন্ত্রাসী এসে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা করায় চারজন আহত হয়েছেন। আমরা দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছি।’কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম বলেন, ‘এ ধরনের মারামারির ঘটনা কলেজে প্রায়ই ঘটে। কিন্তু কেন বা কারা ঘটায়, তা আমরা বুঝে উঠতে পারি না।’