ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত হয়। এর আগে শুক্রবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। প্রথম বর্ষের ছাত্রদের দলে টানা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কলেজের অধ্যক্ষ এম এ আজহার প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিলের সভায় কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে শিশু বিভাগের অধ্যাপক এ আর এম লুৎফুল কবীরকে সভাপতি করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর অবস্থা বুঝে কলেজে ক্লাস শুরু করা হবে।শিক্ষার্থীরা জানিয়েছেন, সন্ধানী ও লিও ক্লাবের সদস্য বাড়ানো নিয়ে অপু ও রাকিব এ দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরেই উত্তেজনা চলছিল। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সমর্থনপুষ্ট ছাত্রলীগের একটি পক্ষ রাত দেড়টার দিকে ছাত্রাবাসে থাকা অপর পক্ষের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের কর্মীরা হলের বিভিন্ন কক্ষ থেকে রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে বের হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রাত তিনটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে মশিউর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ, অঙ্কুর, আসাদুজ্জামান, রকি, শফি, মুকুলসহ ছাত্রলীগের ১০ কর্মী আহত হন। তাঁদের মধ্যে মশিউর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কর্মীরা ছাত্রাবাসের ৩৩টি কক্ষের গ্লাস ও আসবাব ভাঙচুর করেন।খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান ছাত্রাবাস ও আলাউদ্দিন ছাত্রাবাস থেকে ৫৩ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কর্তৃপক্ষ আটক ছাত্রদের ছাড়িয়ে নেয়। ওই ঘটনার পর গতকাল শনিবার সকালে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা হাসপাতালের নিচতলার লিও ক্লাবের কক্ষ ভাঙচুর এবং প্রধান ফটকে তালা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেন। তবে শেষ পর্যন্ত কর্তৃপক্ষের নির্দেশে বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে চলে যান। তবে হঠাৎ ছাত্রাবাস ছাড়ার ঘোষণা দেওয়ায় শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীরা বিপাকে পড়েন। সংঘর্ষের এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংঘর্ষের কারণ সম্পর্কে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আতাউল করিম প্রথম আলোকে বলেন, ‘সলিমুল্লাহ মেডিকেল কলেজে সাত বছর ধরে ছাত্রলীগের কমিটি নেই। ফলে এখন সবাই নেতা। এক একটি বর্ষে ৪০ থেকে ৪৫ জন করেও ছাত্রলীগের কর্মী আছেন। মূলত প্রথম বর্ষের ছাত্রদের দলে টানা নিয়েই এই সংঘর্ষ।