ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে হল শাখার কমিটি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে আজ মঙ্গলবার ভোরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬০ জন ছাত্র আহত হয়েছেন। হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় হল শাখা ছাত্রলীগের কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। এ ছাড়া হলে অভিযান চালিয়ে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ ঘটনায় মুহসীন হলের সভাপতি মুহাম্মদ আলীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এ ছাড়া সমাজকল্যাণ বিভাগের আমিনুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের মহিউদ্দীন মাহী, বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের শাকেরুজ্জামান, ফিন্যান্স বিভাগের মিনহাজউদ্দীন সোহাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আবুবকর সিদ্দিকী, আইন বিভাগের মাঈনুল ইসলাম, আরবি সাহিত্য বিভাগের মিজানুর রহমান, সংস্কৃত বিভাগের হান্নান তালুকদার ও তৃতীয় বর্ষের মেহেদী ও আকরামুল হককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা বলেন, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম করার অপরাধে তাঁদের বহিষ্কার করা হয়েছে।হলের শিক্ষার্থীরা জানান, আজ ভোর পাঁচটায় হল শাখা ছাত্রলীগের সভাপতি মোহম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন গ্রুপ এবং সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহী গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় পাঁচটি গুলি ও দুটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া উভয় পক্ষের উচ্ছৃঙ্খল ছাত্ররা হলের মেস, টেলিভিশন কক্ষ ও সিঁড়ির রেলিংয়ে ব্যাপক ভাঙচুর চালান। একই সঙ্গে মাহী গ্রুপের ১০টি কক্ষেও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। সংঘর্ষের সময় আহত হন অন্তত ৬০ জন।তাঁদের মধ্যে ২৬ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিত্সা দেওয়া হচ্ছে। গুরুতর আহত দুজনকে পঙ্গু হাসপাতালে এবং হলে থাকা একজন অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।মহসীন হলের প্রাধ্যক্ষ আলী আক্কাস জানান, আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগের উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনা তদন্তে হল প্রশাসনের পক্ষ থেকে আবাসিক শিক্ষক আবু তালেবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।বার্তা সংস্থা ইউএনবির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পরিস্থিতি এখন তাঁদের নিয়ন্ত্রণে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মহসীন হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে।হল সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে হলে ছাত্রলীগের অভ্যন্তরীণ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। সংঘর্ষ শুরু হওয়ার আগে গতকাল রাতে উভয় পক্ষ হলে ব্যাপক শোডাউন করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রাধ্যক্ষ এসে মীমাংসার চেষ্টা চালান।প্রাধ্যক্ষ আলী আক্কাস জানান, ‘গতকাল গভীর রাত পর্যন্ত উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে হল ত্যাগ করি। তার পরও তাঁদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো যায়নি।’