ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে ছাত্রলীগের দুই নেতা ও তাঁদের দুই সমর্থক আছেন। এঁদের মুক্তির দাবিতে সমর্থকেরা গতকাল রাত সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার রাতে রেজাউল করিমের দায়ের করা মামলায় মতিহার থানার পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতা ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আল-আমিন এবং যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র পলাশকে গ্রেপ্তার করে। এ মামলা করার পর ওই দিন রাত একটার দিকে আল-আমিন গ্রুপের সমর্থক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মতিহার থানায় অন্য একটি মামলা করেন। এ মামলায় ওই রাতেই পুলিশ ছাত্রলীগের নেতা রেজাউল করিম ও তাঁর গ্রুপের সমর্থক শাহীনকে গ্রেপ্তার করে। ছাত্রশিবিরের কর্মী ও সমর্থকদের কৌশলে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে ছাত্রলীগের চার কর্মী আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুয়েট ক্যাম্পাস, মতিহার থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রুয়েট শাখা ছাত্রলীগের নেতা রেজাউল করিমের নেতৃত্বে তাঁর পক্ষের সমর্থকেরা বেশ কিছু দিন ধরে ছাত্রশিবিরের কর্মী ও সমর্থকদের ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশের সুযোগ করে দেওয়াসহ ক্যাম্পাসে ছাত্রশিবিরের সঙ্গে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে আসছিলেন। এ বিষয়টি জানাজানি হলে ছাত্রলীগের অন্য পক্ষের নেতা আল-আমিন, ফয়সাল আহমেদ ও হারুন অর রশিদ তাঁদের পক্ষের সমর্থকদের নিয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে রেজাউল করিমসহ তাঁর পক্ষের সমর্থকদের কাছে এসব বিষয়ে জানতে চান। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই দিন রাত সোয়া ১২টার দিকে আল-আমিন, হারুন ও ফয়সাল গ্রুপের সমর্থক মুন্না, শামীম, রাসেল, শুকুর, পলাশ, রনি, মারুফ, তুষার, নয়ন, রাজুসহ ৩০-৩৫ জন ছাত্রলীগের কর্মী রেজাউল করিমের সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চালান। হামলায় রেজাউল করিমের পক্ষের সমর্থক ও রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নিক্সন, একই বিভাগের এবং একই বর্ষের ছাত্র বসাক, তড়িত্ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের নিলয় ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শামীম আহত হন। আহতদের ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আল-আমিন ও রেজাউল করিম তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক আশরাফুল আলম বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।