ছাত্রলীগের দুইপক্ষের মুখোমুখি অবস্থান, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় আগামী ২২ অক্টোবর পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ছয়টার মধ্যে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।আজ রোববার কমিটি গঠন নিয়ে দুপক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আজ বিকেলে একাডেমিক কাউন্সিলের সভায় কলেজ বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরীক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, নতুন কমিটি বাতিলের দাবিতে গতকাল শনিবার ছাত্রলীগের হাসানুল হক ও কুতুব উদ্দিনের নেতৃত্বে একটি পক্ষ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এর প্রতিবাদে নতুন কমিটির সভাপতি মো. আশরাফুল হক খন্দকারের নেতৃত্বে অপর একটি পক্ষের নেতাকর্মীরা ওইদিন রাতেই পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। আজ দুপক্ষ আবারও বিক্ষোভ মিছিল বের করলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।কলেজ সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে কলেজের অধ্যক্ষ আবদুর রউফের সভাপতিত্বে আজ একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া পূজার ছুুটি এগিয়ে এনে সোমবার থেকে ২২ তারিখ পর্যন্ত করা হয়েছে। তবে পরীক্ষা যথারীতি চলবে।ছাত্রলীগের এক অংশের ছাত্রনেতা কুতুব উদ্দিন বলেন, নিয়ম ভঙ্গ করে নতুন কমিটি করা হয়েছে। এ কমিটি বাতিল করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।এদিকে নতুন কমিটির সভাপতি মো. আশরাফুল হক খন্দকার বলেন, জেলা কমিটির অনুমোদনের পর নতুন কমিটি গঠন করা হয়েছে। ফলে কমিটি বাতিল করার প্রশ্নই ওঠে না। তা ছাড়া বহিরাগতদের দিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের হুমকি দেওয়ার কারণে আমরা একটি সাধারণ ডায়েরি করেছি।ছাত্রলীগ জেলা শাখা সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজে দীর্ঘদিন থেকে ছাত্রলীগের কমিটি ছিল না। ৩ অক্টোবর মো. আশরাফুল হক খন্দকারকে সভাপতি ও সঞ্জয় সরকারকে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। অধ্যক্ষ আবদুর রউফ বলেন, ছাত্রলীগের এই বিরোধের কারণে কলেজের উদ্ভূত পরিস্থিতি নিয়ে একাডেমিক কাউন্সিলের সভায় পূজার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দুই পক্ষের বিষয়গুলো তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।