চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে ছাত্রলীগের কর্মীরা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে প্রক্টরের কার্যালয়ে ঘটনাটি ঘটে। এর পরই প্রক্টর আকতার হোসেন ও তিন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন।পদত্যাগপত্র জমা দেওয়া তিন সহকারী প্রক্টর হলেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষক মো. মঞ্জুর মোর্শেদ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মঈনুল ইসলাম ও প্রাচ্যভাষা বিভাগের শিক্ষক শিপক কৃষ্ণ দেবনাথ।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী বলেন, ছাত্রলীগের কর্মীদের সঙ্গে প্রক্টরিয়াল বডির সদস্যদের কিছুটা ভুল- বোঝাবুঝি হয়েছে। পরে ওই ছাত্র প্রক্টরের পায়ে ধরে ক্ষমা চেয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে ছাত্রলীগের কর্মীরা প্রক্টরের কার্যালয়ে গিয়ে তাঁদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলা প্রত্যাহারের দাবি জানান। গত ১০ মার্চ ছাত্রলীগের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে মামলাটি করা হয়।সহকারী প্রক্টর মঈনুল ইসলাম ও শিপক কৃষ্ণ দেবনাথ প্রথম আলোকে বলেন, কয়েকজন ছাত্র প্রক্টরের কার্যালয়ে ঢুকে তাঁদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলা প্রত্যাহারের দাবি জানান। তাঁরা প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। একটু পর অর্থ ও ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের বহিষ্কৃত ছাত্র ফজলে রাব্বী তাঁকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিতে প্রক্টরের ওপর চাপ সৃষ্টি করেন। এ সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন ছাত্র উপস্থিত ছিলেন।তবে ফজলে রাব্বী অসদাচরণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় ঘোষণা করা হয়েছে। ফরম পূরণে অনুমতি দেওয়ার জন্য প্রক্টরকে অনুরোধ করি।’ফজলে রাব্বী ছাত্রলীগ-সমর্থিত বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) সক্রিয় সদস্য। গত ২৯ এপ্রিল শাহ আমানত হলে রাব্বীসহ ছাত্রলীগের ভিএক্স গ্রুপের সদস্যরা ছাত্রলীগের আরেক বগিভিত্তিক সংগঠন চুজ ফ্রেন্ড উইথ কেয়ারের (সিএফসি) সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হন। এ ঘটনায় পরদিন ৩০ এপ্রিল রাব্বীসহ ছাত্রলীগের চার কর্মীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বগিভিত্তিক সংগঠন নিষিদ্ধ।ভিএক্সের অন্যতম নেতা ছাত্রলীগের সক্রিয় কর্মী প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র রাকিব হোসেন অস্ত্র মামলা প্রত্যাহারের জন্য প্রক্টরকে চাপাচাপি করেন। এ সময় রাকিব ও তাঁর সহযোগীরা প্রক্টর ও সহকারী প্রক্টরদের সঙ্গে অসদাচরণ করেন।গত ১০ মার্চ শাহজালাল হল থেকে চাপাতি, দা ও রড উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় অস্ত্র আইনে পুলিশ মামলা করে। এতে রাকিব, রাব্বীসহ সাতজনকে আসামি করা হয়। প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, প্রক্টর আকতার হোসেন তাঁর পদত্যাগপত্র প্রক্টরের কার্যালয়ে জমা দিয়েছেন। সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মুঠোফোনও জমা দিয়েছেন। তাঁর ব্যক্তিগত মুঠোফোনে ফোন করেও বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।সহকারী প্রক্টর মঞ্জুর মোর্শেদ, মঈনুল ইসলাম ও শিপক কৃষ্ণ পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তাঁরা দাবি করেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা প্রক্টরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বর্তমানে ঢাকায় আছেন। ক্যাম্পাসে ফিরলে তিনি এ বিষয়ে পদক্ষেপ নেবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি বা এ সংক্রান্ত কোনো পদত্যাগপত্র তিনি পাননি।