ছাত্রলীগের ধাওয়া, ছাত্রদলের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিলে রড, বাঁশ ও লাঠি নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বাসে আগুন লাগিয়েছেন। আগুনে বাসের অধিকাংশ অংশ পুড়ে যায়। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভর্তি পরীক্ষার প্রথম দিনে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলামের নেতৃত্বে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন এলাকায় পৌঁছার পর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১৫ জন কর্মী রড, বাঁশ ও লাঠি নিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন । ক্যাম্পাস থেকে চলে যাওয়ার পর ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় জড়ো হন। দুপুর ১২টার দিকে সাভার থানা পুলিশ ছাত্রদলের নেতা-কর্মীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা রেডিও কলোনি বাসস্ট্যান্ডে ধামরাই-গুলিস্তান রুটের একটি বাসে আগুন দেন। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলামের ভাষ্য, ‘শান্তিপূর্ণভাবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করা হলে সশস্ত্র অবস্থায় ছাত্রলীগের কর্মীরা আমাদের ধাওয়া করে।’ তিনি বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ছাত্রলীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। ক্যাম্পাসে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শঙ্কামুক্ত পরিবেশ তৈরির জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদের ভাষ্য, পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতা-কর্মীরা ভর্তি পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে সশস্ত্র মিছিল বের করে। এতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ায় ছাত্রলীগের কর্মীরা তাঁদের ক্যাম্পাস থেকে বের করে দেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, রেডিও কলোনি বাসস্ট্যান্ডে ছাত্রদলের নেতা-কর্মীরা বাসে আগুন দিয়েছে জানার পর পুলিশ সেখানে যায়। ছাত্রদলের কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ঘটনার পর প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি বলেন, উভয় সংগঠনের সঙ্গে কথা হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।