সূত্রাপুর থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধর ও আটকে রাখায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মারধরের শিকার ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে গতকাল বুধবার রাতে এ মামলা করেন।প্রসঙ্গত, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাসুদ রানা নামের এক ছাত্রনেতার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ার অপরাধে ছাত্রলীগের কর্মীদের মারধরের শিকার হন পুলিশের এএসআই সাইফুর রহমান। এ ঘটনার পর পুলিশের ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়।সূত্রাপুর থানার এসআই জহির আলম প্রথম আলোকে বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মাসুদ রানাসহ ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন।’ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।পুলিশ সূত্র জানান, গতকাল পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার শেষ দিনে মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ওই ঘটনার জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। এর পরপরই ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়।সূত্র জানায়, গত মঙ্গলবার বেলা দেড়টায় ভিক্টোরিয়া পার্ক এলাকায় সূত্রাপুর থানার এএসআই সাইফুর রহমান ছাত্রলীগের নেতা মাসুদ রানার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এতে ছাত্রলীগের নেতা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওই কর্মকর্তাকে গালিগালাজ করেন। এ সময় তিনি জোর করে ছাত্রলীগের নেতাকে সাইকেল থেকে নামালে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।এ ঘটনা শুনে ক্যাম্পাসে থাকা ছাত্রলীগের ২০-৩০ জন কর্মী ওই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালান। এরপর ছাত্রলীগের কর্মীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন পুলিশ বক্সে নিয়ে আধা ঘণ্টা আটকে রাখেন। এ সময় পুলিশ কর্মকর্তাকে আরেক দফা মারধর করা হয়। ঘটনাস্থলে থাকা পুলিশের সদস্যরা তখন নীরব ভূমিকা পালন করেন।পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সূত্রাপুর ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ছাত্রলীগের সভাপতি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন।