ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত
ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান ওরফে সওগাত। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাবু (আখতারুজ্জামান চৌধুরী) ভাই জিন্দাবাদ’ স্লোগান দিয়ে তাঁকে টেনে-হিঁচড়ে উপজেলা পরিষদের কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে এই তাণ্ডব ঘটে। পরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তালা লাগিয়ে দেন। প্রসঙ্গত, আনোয়ারুল ইসলাম খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য আতাউর রহমান খান কায়সারের ছোট ভাই। আওয়ামী লীগের সমর্থন নিয়ে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর অনুসারী বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় সাংসদ আখতারুজ্জামান লন্ডনে অবস্থান করছিলেন। হামলাকারীদের বিরুদ্ধে দুটি সার কারখানায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এই চাঁদাবাজির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান।হামলার বর্ণনা দিয়ে আনোয়ারার উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান তাঁর শহরের বাসায় প্রথম আলোকে বলেন, ‘১১টার পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাবু ভাই জিন্দাবাদ’—এই স্লোগান দিতে দিতে আমার কার্যালয়ে প্রবেশ করে আমাকে গালাগাল করে বের হয়ে যেতে বলে। কারণ জিজ্ঞাসা করতেই ওরা আমার দিকে তেড়ে আসে।’আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে আমাকে লাঞ্ছিত করা হয়েছে। আসলে ওরা কারা এটাই আমার প্রশ্ন।’প্রত্যক্ষদর্শীরা জানান, এই হামলার ঘটনায় আনোয়ারা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব খান, আনোয়ারা কলেজের ছাত্রলীগের নজরুল ইসলাম এবং যুবলীগের খোরশেদ হামলার নেতৃত্ব দেন। চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ স্বীকার করেছেন আইয়ুব খান। তাঁর দাবি, ‘আমাদের মিছিলটি উপজেলা পরিষদের নিচে গেলে সেখানে আমরা সমাবেশে মিলিত হই। তখন নিজের কার্যালয় থেকে বের হয়ে চেয়ারম্যান ছাত্রলীগের নাম ধরে গালাগাল করেন। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে তাঁকে কক্ষ থেকে বের করে সেখানে তালা লাগিয়ে দেন।’ এক প্রশ্নের জবাবে আইয়ুব খান বলেন, ‘ছাত্রলীগ বলে গালাগাল দিয়ে কেউ পার পেয়ে যাবে না।’ ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘তাঁরা মিছিলসহকারে এসে উপজেলা চেয়ারম্যানকে বের করে দিয়ে ওই কক্ষে তালা লাগিয়ে দেন। পরে উনাকে আমরা চট্টগ্রাম পাঠিয়ে দিই।’আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বলেন, ‘ছাত্রলীগের ছেলেদের সঙ্গে চেয়ারম্যানের একটু বাগিবতণ্ডা হয়েছে। চেয়ারম্যান তাঁদের সমাবেশে বাধা দিয়েছেন কি না, এটা আমার জানা নেই।’জানা গেছে, গত উপজেলা নির্বাচনে আনোয়ারা উপজেলা থেকে আনোয়ারুলকে জিতিয়ে আনতে কাজ করেন স্থানীয় সাংসদ আখতারুজ্জমান চৌধুরী। পরে আতাউর রহমান খান কায়সার মারা যাওয়ার পরে নানা কারণে সম্পর্কের টানাপোড়েন চলে স্থানীয় সাংসদের সঙ্গে।স্থানীয় সূত্র জানায়, ইউরিয়া সার উৎপাদনকারী সিইউএফএলের অবস্থান আনোয়ারায়। সেই কারখানায় চাঁদাবাজি ও সার পাচারের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল সোচ্চার ছিলেন। এটা বন্ধ করতে অনেকবার তিনি কার্যালয়ে বিভিন্ন সময় সার ব্যবসায়ীদের সঙ্গে সভা করেছেন। আবার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মী চাঁদা নিতেন বলে অভিযোগ রয়েছে। এর জের ধরে তাঁর ওপর হামলা করা হয় বলে জানা গেছে।