ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় দুই সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুই সাংবাদিককে মারধর করেছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।আহত সাংবাদিকেরা হলেন সাপ্তাহিক-এর নিজস্ব প্রতিবেদক আনিস রায়হান ও সাপ্তাহিক বুধবার-এর নিজস্ব প্রতিবেদক আহমেদ ফয়েজ। আহত অবস্থায় দুই সাংবাদিককে প্রথমে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহত সাংবাদিকদের দাবি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসানের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের মারধর করেন। দুই সপ্তাহ আগে ছাত্রলীগের সভাপতির চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাঁদের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় সভাপতির অনুসারী ছাত্রলীগের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সভাপতি সাদীদ জাহান সৈকত তাঁর দলবল নিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা চালান।সাপ্তাহিক-এর প্রধান প্রতিবেদক মহিউদ্দিন নিলয় আহত সাংবাদিকদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে শাহবাগের ফুটপাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন আনিস ও ফয়েজ। এ সময় ছাত্রলীগের এসএম হলের সভাপতি সাদীদ জাহান মোটরসাইকেলযোগে পেছন দিক থেকে এসে জোরে জোরে হর্ন বাজান। একপর্যায়ে মোটরসাইকেল প্রায় গায়ের ওপর তুলে দেওয়ার উপক্রম চেষ্টা করা হয়। দুই সাংবাদিক এ ঘটনার প্রতিবাদ করলে সাদীদ তাঁদের পরিচয় জানতে চান। সাপ্তাহিক-এর সাংবাদিক পরিচয় পেয়ে ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসানের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার অভিযোগে সাদীদ তাঁদের অকথ্য ভাষায় গালাগালি করেন। এ সময় তিনি দুই সাংবাদিকের পরিচয়পত্র ছিনিয়ে নিয়ে তাঁদের জিম্মি করে ফেলেন। পরে হল থেকে ছাত্রলীগের ২০-২৫ জন কর্মী ডেকে এনে তাঁদের ব্যাপক মারধর করেন সাদীদ।এ বিষয়ে এসএম হলের সভাপতি সাদীদ জাহান, কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসানের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করে তাঁদের মুঠোফোনে পাওয়া যায়নি।