ছাত্রলীগের নেতাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সহসভাপতি রেজানুল ইসলাম ওরফে সানিকে খুনের ঘটনায় মহানগরের বোয়ালিয়া থানায় হত্যা মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সানির বাবা মনোয়ারুল ইসলাম চৌধুরী ছাত্রলীগের রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি নিজাম উদ্দিনসহ ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলায় সানি নিহত হন। হামলায় বাংলাদেশ ছাত্রমৈত্রীর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি কাজী মোতালেব জুয়েল ও অপর সহসভাপতি শেফারত আলী আহত হন। এর আগে আধিপত্য বিস্তার নিয়ে গত ১ নভেম্বর ওই ক্যাম্পাসে ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া হয়। ওই ঘটনার জের ধরে হামলার ঘটনায় সানি নিহত হন বলে একটি সূত্র জানিয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, সানি হত্যা মামলায় আসামিদের মধ্যে বৃহস্পতিবার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আটক ছাত্রলীগের চার কর্মীও রয়েছেন। গতকাল শুক্রবার তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন চেয়ে রাজশাহী মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আগামী রোববার রিমান্ডের আবেদনের শুনানি হতে পারে। ওই চারজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি জসীম উদ্দিন আরও জানান, সানি খুনের ঘটনায় বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর শাখার সভাপতি মতিউর রহমান নয়জনের বিরুদ্ধে আরেকটি এজাহার দায়ের করেছেন। সানির দাফন সম্পন্ন গতকাল জুমার নামাজের পর মহানগরের টিকাপাড়া গোরস্থানে সানির মরদেহ দাফন করা হয়। সানির জানাজায় রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।জানাজার আগে বক্তব্যে ফজলে হোসেন বাদশা বলেন, যারা সানিকে হত্যা করেছে, যারা শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করে রাখতে চায়, তাদের বিচার চাই।মিছিল ও নিন্দাসানি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। একই দাবিতে সংগঠনের রাজশাহী মহানগর শাখা বিক্ষোভ মিছিল করে। সংগঠনটি দেশব্যাপী মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে।এদিকে গতকাল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্রসংগ্রাম পরিষদভূক্ত ছয় সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র ঐক্য, বাংলাদেশ ছাত্র সমিতি ও জাতীয় ছাত্র ফোরাম, বাংলাদেশ ছাত্রমৈত্রী (পুনর্গঠিত)।