ছাত্রলীগের নেতিবাচক কর্মকাণ্ড বিব্রত করেছে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতিবাচক কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনীতিকে বিব্রত করেছে। আজ মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু এ কথা বলেন। সম্মেলনে বর্তমান সরকারের বিভিন্ন সফলতা আর বিগত জোট সরকারের বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়। এতে প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। ছাত্রলীগের প্রসঙ্গে ইনু বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামধারী কতিপয় উচ্ছৃঙ্খলাকারীর তাণ্ডব অবশ্যই গণতান্ত্রিক রাজনীতিকে বিব্রত করে।’ পদ্মা সেতুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু বিষয়ে অভিযোগ আসার পর সরকার পদক্ষেপ নিয়েছে। মন্ত্রী ও সচিবদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন তদন্ত চলছে। দেশি-বিদেশি তদন্তের ভিত্তিতে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রশাসনের যেকোনো দুর্নীতি বা যেকোনো বিশৃঙ্খল ঘটনা রাজনীতিকে বিব্রত করে। আমরা পাশ না কাটিয়ে এর মোকাবিলা করছি।’গতকাল সোমবার রাজধানীতে জামায়াত-শিবিরের হামলার বিষয়ে ইনু বলেন, ‘এখানে প্রশাসন সহনশীল ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। তার মানে এই নয় যে, আমরা এ ধরনের অতর্কিত হামলা মোকাবিলা করার যোগ্যতা রাখি না। অতর্কিত বা চোরাগোপ্তা হামলা তাত্ক্ষণিকভাবে মোকাবিলা করা দুরূহ ব্যাপার। গতকালের হামলাও ছিল অতর্কিত। এটা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে না পারলেও পরে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ইনু বলেন, ‘আবারও প্রমাণ করে, জামায়াত-শিবির শুধু যুদ্ধাপরাধীদের দোসর নয়, তারা বাংলাদেশের গণতন্ত্র বা গণতান্ত্রিক রীতিনীতি ধ্বংস করে দেশকে চক্রান্তের দিকে ঠেলে দেওয়ার একটা মহাচক্রান্তে লিপ্ত।’ এ ব্যাপারে মন্ত্রী দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানান।

গতকালের হামলার বিষয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘এ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এখানে আমরা তদন্ত করে দেখব, গোয়েন্দাদের ব্যর্থতা ছিল কি না বা পুলিশের কোনো গাফিলতি ছিল কি না।’বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে শুধু পাঁচটি পত্রিকা রাখার বিষয়ে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা অনুরোধপত্র। বাধ্যবাধকতা নয়। নির্দেশও নয়। অধিদপ্তর ও মন্ত্রণালয় চাইলে অন্য পত্রিকাও রাখতে পারবে। অনুরোধপত্রের গুরুত্ব নেই।’