ছাত্রলীগের বগিভিত্তিক দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।আহত ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সোহাগ ও সামসুদ্দোহা, রসায়নবিজ্ঞান বিভাগের আশিকুজ্জমান রহমান, প্রাণিবিদ্যা বিভাগের মাহমুদ হাসান এবং বাংলা বিভাগের শরিফুল। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের হাতে লাঠি, রড, কিরিচ ও রামদা ছিল। গত বুধবারও ক্যাম্পাসে এ দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। সূত্র জানায়, মঙ্গলবার রাতে শাটল ট্রেনের একটি বগিতে এক পক্ষের চিকা মারা নিয়ে এই ধাওয়া ও সংঘর্ষ হয়।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হাজতে রেখে অন্য দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক দুজন হলেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র স্বাধীন ও নবীন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক মহসিন করিম বলেন, ‘এ সংঘর্ষের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। এটি বগিভিত্তিক দুটি পক্ষের সংঘর্ষ। প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি এড়ানো যায়, এ জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শাটল ট্রেনের বগিভিত্তিক দুটি পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। তবে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য প্রশাসন বগিভিত্তিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেছে।’বর্ধিত বেতন-ফির বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি: এদিকে বর্ধিত বেতন-ফির বিরোধী শিক্ষার্থীরা আগামী সোমবারের মধ্যে দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল মিছিল শেষে এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা ১১টায় মিছিল নিয়ে বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন। সমাবেশ থেকে তাঁরা ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন বেতন-ফির বিরোধী আন্দোলনের সমন্বয়কারী তবারক হোসেন, মাহমুদুল হাসান, শফিকুল ইসলাম, শারমিন ফেরদৌসী প্রমুখ।সমাবেশে ঘোষণা করা নতুন কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার বাণিজ্য অনুষদ, রোববার সমাজবিজ্ঞান অনুষদ এবং সোমবার কলা ও বিজ্ঞান অনুষদের মধ্যবর্তী চাকসু ভবনের সামনে সমাবেশ এবং সোমবারের মধ্যে দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন।প্রক্টর জসিম উদ্দিন এ বিষয়ে জানান, বর্ধিত বেতন-ফির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য গঠিত রিভিউ কমিটি কাল শনিবার প্রতিবেদন পেশ করলে সোমবারের মধ্যে কর্তৃপক্ষ বেতন-ফি-সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।