ছাত্রলীগের বাধায় গ্রামীণ ব্যাংকের পক্ষে মানববন্ধন পণ্ড
বরিশালে গ্রামীণ ব্যাংকের পক্ষে আয়োজিত একটি মানববন্ধন ছাত্রলীগ পণ্ড করে দিয়েছে। ছাত্রলীগ কর্মীরা মানববন্ধনকারীদের ব্যানার কেড়ে নেয় এবং গালিগালাজ করে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ব্রজমোহন কলেজের সামনে মানববন্ধন করতে গেলে ছাত্রলীগ এভাবে আয়োজনকারীদের বাধা দেয়।প্রত্যক্ষদর্শী ও গ্রামীণ ব্যাংক সূত্র জানায়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসের অপসারণ এবং তাঁকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে গ্রামীণ ব্যাংকের শিক্ষাঋণ পাওয়া শিক্ষার্থী, তাদের পরিবার ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। পুলিশের অনুমতি নিয়ে আজ সকাল সাড়ে নয়টার দিকে ব্রজমোহন কলেজের সামনে তাঁরা মানববন্ধন করার জন্য প্রস্তুতি নেয়। এ সময় ব্রজমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষার বেশ কয়েকজন কর্মী নিয়ে মানববন্ধনে বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় তারা গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা শিক্ষাঋণ পাওয়া কয়েকজন শিক্ষার্থীকে মারধরও করে। বেলা ১১টার দিকে কর্মকর্তা-কর্মচারীরা সংক্ষিপ্ত পরিসরে নগরের সিঅ্যান্ডবি রোডে ওই কর্মসূচি পালন করে।গ্রামীণ ব্যাংকের বাকেরগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক আবু তাহের প্রথম আলোকে বলেন, গ্রামীণ ব্যাংকের বরিশাল, বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী, স্বরূপকাঠী, ঝালকাঠি, বাকেরগঞ্জসহ ওই অঞ্চলে ৮০টি শাখা থেকে ব্রজমোহন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাঋণ দেওয়া হয়েছিল। ওই সব শিক্ষার্থীরা মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের প্রতিবাদে মানববন্ধনে দাঁড়ায়। তিনি অভিযোগ করেন, এ সময় একদল লোক তাদের গালিগালাজ এবং পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের মারধর করতে থাকে। এ ব্যাপারে ব্রজমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষারের ভাষ্য হচ্ছে, গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ অসত্ উদ্দেশ্যে এবং কলেজের স্বাভাবিক পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা নিয়ে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করতে চেয়েছিল। কলেজ অধ্যক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে মানববন্ধন মেনে নেওয়া যায় না। তাই তাদের বাধা দেওয়া হয়েছে।