ছাত্রলীগের বিচারে তদন্ত কমিশনের দাবি মওদুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিচারের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।আজ রোববার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস’ শীর্ষক একক বক্তৃতায় মওদুদ আহমদ এ দাবি জানান। ‘মুক্তচিন্তা ফোরাম’ নামের একটি সংগঠন এ বক্তৃতার আয়োজন করে।মওদুদ আহমদ অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রদলের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে মওদুদ আহমদ বলেন, সেগুলোও অপরাধ। তবে বর্তমানে শিক্ষাঙ্গনে সন্ত্রাস মানেই ছাত্রলীগের সন্ত্রাস।এই পরিস্থিতিতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বিচারের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার দাবি জানান মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আমরা জানি এ সরকার তা করবে না।’মওদুদ আহমদ তাঁর বক্তৃতায় বলেন, স্বাধীনতার আগে ও পরে ছাত্রলীগের ভূমিকা সম্পূর্ণ বিপরীত। এখন শিক্ষাঙ্গনে অস্ত্রবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি নিত্যনৈমিত্তিক ঘটনা। আর এর শিকার সাধারণ শিক্ষার্থীরা।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ছাত্রলীগ এ সরকারের অন্যতম কলঙ্ক। তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। কিন্তু সরকার নিষ্ক্রিয়। কারণ তারাই ছাত্রলীগকে প্রশ্রয় দেয়।মওদুদ আহমদ অভিযোগ করেন, ছাত্রলীগ এখন শিক্ষকদের গায়েও হাত তুলছে, যা অকল্পনীয়। যে দল ক্ষমতায় থেকে ড. মুহাম্মদ ইউনূস, এবিএম মূসার মতো সম্মানিত লোকদের অসম্মানিত করে, তাদের ছাত্র সংগঠন এ ধরনের কাজই করবে। সারা বিশ্বে যাঁর (ড. মুহম্মদ ইউনূস) সুনাম, তাঁকে তাদের নেতারা অপমান করলে, তারা কেন তাদের শিক্ষকদের অপমান করবে না?’শিক্ষাঙ্গনে সন্ত্রাস একটি জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সমন্বয়ে একটি জাতীয় কনভেনশন করা এবং ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার পরামর্শ দেন মওদুদ আহমদ। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে ছাত্র সংসদ নির্বাচন করা গেলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ করা যেতে পারে বলে মত দেন তিনি।