ছাত্রলীগের ভয়ে ছয় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ
ছাত্রলীগের ফাও খাওয়া, হামলা ও ভাঙচুরের পর তিন দিন ধরে বন্ধ হয়ে রয়েছে কলেজ গেটের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান। ছাত্রলীগের নেতা-কর্মীরা সোমবার রাতে ওই এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেন বলে জানা যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতা-কর্মী হূদরোগ হাসপাতালের উল্টোদিকে অনুরাগ রেস্তোরাঁয় খেতে যান। ৩১১ টাকা বিল হলে তাঁরা ১০০ টাকা দিয়ে চলে যেতে থাকেন। এ নিয়ে কথা-কাটাকাটি হলে তাঁরা ফোনে খবর দিয়ে অন্য নেতা-কর্মীদের ডেকে আনেন। একপর্যায়ে ভাঙচুর করেন তাঁরা। এ সময় রেস্তোরাঁর কর্মচারীরা ছয় ছাত্রকে মারধর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রেস্তোরাঁর মালিকসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। পুলিশ রেস্তোরাঁর মালিকের ভাইসহ দুজনকে গ্রেপ্তার করে।গতকাল মঙ্গলবার ওই এলাকায় গিয়ে এক সারিতে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা যায়। এগুলো হচ্ছে—অনুরাগ রেস্তোরাঁ, অনুরাগ ডিপার্টমেন্টাল স্টোর, অনুরাগ ফার্মা (ওষুধের দোকান), অনুরাগ মিনি চায়নিজ রেস্তোরাঁ, অনুরাগ টেলিকম ও হানিফ এন্টারপ্রাইজের একটি টিকিট কাউন্টার। কথা বলার জন্য অনুরাগ কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তাঁরা ভয়ে কথা বলছেন না। ছাত্রলীগের নেতা-কর্মীদের ভয়ে সন্ত্রস্ত ওই এলাকার অন্য ব্যবসায়ীরাও।হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার বন্ধ থাকার বিষয়ে পরিবহন সংস্থাটির মহাব্যবস্থাপক আবদুস সামাদ মণ্ডল বলেন, ওই কাউন্টারটি হানিফের নিজস্ব নয়। অনুরাগের মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে কমিশনের ভিত্তিতে একজন সেখানে টিকিট বিক্রি করেন। ভাঙচুরের পর থেকে খারাপ কিছুর আশঙ্কায় কাউন্টারের ব্যবস্থাপক কাউন্টারটি বন্ধ করে রেখেছেন।কয়েকজন ওষুধ ব্যবসায়ীর কাছে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও কেউ কথা বলেননি। পরে নাম প্রকাশ না করার শর্তে টেলিফোনে একজন ব্যবসায়ী জানান, প্রতি মাসেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও উৎসবের কথা বলে ছাত্রলীগের ছেলেরা টাকা নেয়। নেতারা নিয়মিত চাঁদা নেন। রোববারের ঘটনায় রেস্তোরাঁ ভাঙচুরের পর উল্টো মামলা দেওয়াটা ব্যবসায়ীদের রীতিমতো আতঙ্কিত করে তুলেছে।জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরপর এ বিষয়ে তিনি আর কিছু জানেন না।