ছাত্রলীগের মারধরের পর ছাত্রদের হল ত্যাগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাত্সরিক ভোজে নিম্নমানের খাবার পরিবেশনের প্রতিবাদ করায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ভাঙচুর এবং হলের সাধারণ ছাত্রদের মারধর করেছে ভোজের আয়োজক কমিটি। কমিটির সদস্যরা ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মারধরে গুরুতর আহত হয়েছেন ১২ জন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে চিকিত্সাধীন এক ছাত্র জানান, হলে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বাত্সরিক ভোজের আয়োজন করা হয়। কাল রোববার ছিল মূল আয়োজন। এ উপলক্ষে হলের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৮৮৫ টাকা করে নেওয়া হয়। কিন্তু খাবারের মান নিম্ন হওয়ায় এর প্রতিবাদ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আয়োজক কমিটি জানায়, তাদের ৭০০ টাকা করে দেওয়া হয়েছে।আহত একাধিক শিক্ষার্থী জানান, সাধারণ ছাত্ররা রাতেই বিষয়টি নিয়ে প্রাধ্যক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে হাজির হন। এ সময় সাধারণ ছাত্ররা ওই নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে হল থেকে বের করে দেন এবং হলের প্রতিটি ফটকে তালা দিয়ে দেন। রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলে যান এবং ২৪ ঘণ্টার মধ্যে হলের আয়োজক কমিটির দায়িত্বে থাকা ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ছাত্রদের সামনে একটি কাগজে স্বাক্ষর করেন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো সাধারণ ছাত্র মার খেলে তাঁর দায়িত্ব উপাচার্যের বলে জানান তিনি।আজ বেলা একটা ২০ মিনিটের দিকে ছাত্রলীগের নেতা-কর্মী ও বহিরাগত অনেকে সংঘবদ্ধ হয়ে তালা ভেঙে হলের ভেতর ঢোকেন। তাঁরা এ সময় চাপাতি, রামদা, হাতুড়ি, শিকল ও বাঁশ দিয়ে সাধারণ ছাত্রদের পেটান। তাঁরা হলের বিভিন্ন কক্ষ ভাঙচুরও করেন।মেকানিক্যাল বিভাগের ওই ছাত্র আরও জানান, বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে সংস্কারের কাজ চলায় ওই হলের অনেক ছাত্র সাময়িকভাবে একুশে হলেই ছিলেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদেরও ছাড় দেননি।আহত আরেক ছাত্র অভিযোগ করে বলেন, সাধারণ ছাত্রদের মারধরের সময় পুলিশ বিশ্ববিদ্যালয়ের ফটকে দাঁড়িয়ে ছিল। পরে আহত ছাত্রদের হাসপাতালে নেওয়ার সময় অন্য হলের ছাত্ররা এ ঘটনা জানতে পারেন। তাঁরা উপাচার্যের বাসভবন ঘেরাও করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।এদিকে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।