ছাত্রলীগের সংঘর্ষ, অস্ত্রসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে গতকাল শনিবার সকালে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে চারজন ছাত্র আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। আহত ছাত্ররা হলেন দর্শন বিভাগের প্রথম বর্ষের শেখ কামাল ও সাব্বির চৌধুরী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের কামরুল হাসান এবং পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের আমীরুল ইসলাম। আহতদের মধ্যে প্রথম দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষ থেমে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে যাঁদের আটক করেছে তাঁরা হলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (তুষার), ছাত্রলীগকর্মী ও সমাজতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মারজুক আহমেদ (মামুন) এবং ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমতিয়াজ উদ্দিন (অভি)। হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মাহমুদুল হাসানকে একটি কাটা বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। মাহমুদুল হাসান ও মারজুক আহমেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ইমতিয়াজ উদ্দিনের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামায় জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রলীগ-সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক দুটি সংগঠন ‘সিক্সটি নাইন’ ও ‘একাকার’-এর নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার সকালে নগর থেকে বিশ্ববিদ্যালয়গামী সকাল আটটার ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে। ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের চারজন আহত হয়। ছাত্রলীগের বিবদমান এই দুই পক্ষই নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী দুই পক্ষের সংঘর্ষের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর খান তৌহিদ ওসমান বলেন, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ও লিয়াজোঁ কমিটি শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সুপারিশ করে। এর পরও ক্যাম্পাস কিংবা শাটল ট্রেনে সংঘর্ষ থামছে না। গতকালের সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।