ছাত্রলীগের সংঘর্ষ, নাজিমউদ্দিন কলেজে পাঠদান বন্ধ
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মাদারীপুরে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ আজ রোববার থেকে পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দুই দিন ধরে ক্যাম্পাস ও আশপাশে ছাত্রলীগের দুই পক্ষের সশস্ত্র অবস্থান এবং একাধিক সংঘর্ষের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কলেজের প্রশাসনিক কার্যক্রম চলবে।কলেজ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে কলেজের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছিল। গতকাল শনিবার রাতেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সকালে থেকেই দুই পক্ষ ঢাল, সুরকি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে কলেজের দুই ফটকে অবস্থান করে। দুপুরে শিক্ষক পরিষদ কলেজ বন্ধের সিদ্ধান্ত নেন।কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) জাহিদ হাসান বলেন, ‘বিভিন্ন ধরনের উসকানি দিয়ে বহিরাগত ও শ্রমিকদের নিয়ে ছাত্রলীগের একটি পক্ষ বিক্ষোভের নামে কলেজে ভাঙচুর ও হামলা চালায়। আগেও তারা দেশীয় অস্ত্র নিয়ে কলেজে মহড়া দিয়েছে। তারা শিক্ষকদের লাঞ্ছিত ও সাধারণ শিক্ষার্থীদের মারধর করেছে। বাধ্য হয়ে শিক্ষক-কর্মচারীরা এর আগে এক দিন কর্মবিরতিও পালন করেন। আমরা কলেজ ছাত্রসংসদের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রুত পাঠদান কার্যক্রম চালুর দাবি জানাচ্ছি।’কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম জেবুন্নাহার প্রথম আলোকে জানান, কলেজে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা দুই দিন ধরে মুখোমুখি অবস্থা করছেন। এর আগে বেশ কয়েকবার সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজের শিক্ষক পরিষদের সঙ্গে আলোচনা করে অনির্দিষ্টকালের জন্য শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে কলেজের প্রশাসনিক কার্যক্রম চলবে। কলেজ ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।