ঢাকা কলেজে ৫৭ গ্রেপ্তার, ৫২ গুলি উদ্ধার
ছাত্রলীগের সংঘর্ষের নেপথ্যে সিট দখল ও চাঁদা-বাণিজ্য
ঢাকা কলেজের দক্ষিণায়ন ছাত্রাবাসের (নতুন হল) নিয়ন্ত্রণ নিয়েই মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। কলেজের একাধিক নেতা এবং নিউমার্কেট থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কলেজের অধিকাংশ হলের নিয়ন্ত্রণ যাদের হাতে থাকে, তারাই নিউমার্কেট ও আশপাশের এলাকার চাঁদা-বাণিজ্য নিয়ন্ত্রণ করে। ফলে উভয় পক্ষই এই নতুন ছাত্রাবাসটির নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে একক আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া ছিল। কেন্দ্রীয় নেতারাও যে যাঁর মতো করে একেক পক্ষকে সমর্থন দিচ্ছেন।ঢাকা কলেজের শিহাব-রনি ও তারেক-গালিব-টিটো পক্ষের মধ্যে মঙ্গলবারের সংঘর্ষে ১০ জন আহত হয়। এ সময় অন্তত ২৫-৩০টি গুলি ও ৩০-৪০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে একটার দিকে কলেজে পুলিশ ঢোকে। ভোর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ ও ভাঙচুর চলে। পুলিশ তিন দফায় কলেজে অভিযান চালায়। ভোর সাড়ে পাঁচটার দিকে একযোগে সব ছাত্রাবাসে পুলিশ তল্লাশি চালিয়ে ৭১ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া আবদুল বাসিত ওরফে গালিবের কাছ থেকে উদ্ধার করা হয় ৫২টি গুলি ও সাড়ে ৩২ হাজার টাকা।কলেজের সাধারণ ছাত্রদের অভিযোগ, এ ঘটনার জন্য যারা মূলত দায়ী, তাদের বাদ দিয়ে কয়েকজন সাধারণ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্র জামিল হোসেন থানায় প্রথম আলোকে বলেন, মঙ্গলবার থেকে তাঁর ক্লাস শুরু হয়েছে। সেদিনই তিনি হলে উঠেছেন। কিন্তু বিনা কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গালিবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। আটক ৭১ জনের মধ্যে ৫৭ জনকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদের জেলে পাঠান। বাকি ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগ করে কি না, জানতে চাইলে ওসি বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কমিটি নেই। কাজেই কে কী করে, সেটি মুখ্য বিষয় নয়। যাদের ঘটনার সঙ্গে জড়িত মনে হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা কলেজের অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নতুন নয়। এর আগেও ভর্তি-বাণিজ্য এবং ছাত্রাবাসগুলোর দখল নিয়ে ছাত্রলীগের বিভিন্ন পক্ষে সংঘর্ষ হয়। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে ছাত্রলীগের নেতাদের বাণিজ্যের কারণে কলেজের ভর্তি কার্যক্রম তিন দফায় বন্ধ হয়ে যায়। এরপর ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার কমিটিও বিলুপ্ত করা হয়।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। কাজেই সেখানকার সংঘর্ষের দায়দায়িত্ব কেউ নেবে না।পরস্পরকে দুষছে দুই পক্ষ: মঙ্গলবারের সংঘর্ষের জন্য পরস্পরকে দুষছে ছাত্রলীগের দুই পক্ষ। বিলুপ্ত কমিটির পরিবেশবিষয়ক সহ-সম্পাদক শিহাবের দাবি, কলেজের সাতটি হলের মধ্যে দক্ষিণ ও দক্ষিণায়ন ছাত্রাবাসের নিয়ন্ত্রণই শুধু তাদের রয়েছে। বাকিগুলোর নিয়ন্ত্রণে আছে তারেক-টিটো ও গালিবেরা। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অস্ত্র ও বোমা নিয়ে প্রতিপক্ষ দক্ষিণায়ন ছাত্রাবাসের দখল নেওয়ার চেষ্টা করে। তারা ক্যাম্পাসে গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। সাধারণ ছাত্রদের মারধরও করে।তবে টিটো-তারেক পক্ষের উল্টো দাবি, শিহাব ও রনির এক-দেড় শ সমর্থক সন্ধ্যার পর পরই দক্ষিণ ছাত্রাবাসের সামনে জড়ো হয়। রাত ১০টার দিকে তারা অস্ত্র ও রামদা নিয়ে দক্ষিণায়ন ছাত্রাবাসে প্রবেশ করে। এ সময় তারা ওই ছাত্রাবাসের সাধারণ ছাত্রদের মেরে বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেয়। দক্ষিণায়ন ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নিয়েই যত সমস্যা: নিউমার্কেট থানার পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, দক্ষিণায়ন ছাত্রাবাসের পাশেই নিউমার্কেট কাঁচাবাজার। সেখানে একটি বহুতল ভবনও গড়ে উঠছে। মূলত দুই ছাত্রাবাসের নিয়ন্ত্রণ যাদের হাতে থাকে, তারাই ঢাকা কলেজ ও এর আশপাশের ব্যবসা নিয়ন্ত্রণ করে। ফলে ঢাকা কলেজের সব পক্ষই এই ছাত্রাবাসের নিয়ন্ত্রণ পেতে মরিয়া ছিল।সিট-বাণিজ্য: পুলিশ ও ছাত্রলীগের নেতারা জানান, ঢাকা কলেজের সাতটি হলকে কেন্দ্র করে বরাবরই সিট-বাণিজ্য চালিয়ে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা। সম্প্রতি প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। খুব শিগগিরই তারা ছাত্রাবাসে উঠবে। ফলে সবাই ছাত্রাবাসগুলোতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করছিল। সম্প্রতি মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার পর নতুন ছাত্রাবাসের ৪০টি সিট খালি হয়। এ গুলোর নিয়ন্ত্রণ নিয়েই মঙ্গলবারের সংঘর্ষের সূত্রপাত। বিলুপ্ত কমিটির গ্রন্থণা ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল আলম ওরফে টিটু প্রথম আলোকে বলেন, ‘অসুস্থতার কারণে মঙ্গলবার তিনি ছাত্রাবাসে ছিলেন না। তবে দক্ষিণায়ন ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নিয়েই মূলত এই সমস্যা। আমরা চেয়েছিলাম যে যে পক্ষই করুক, সমঝোতার মাধ্যমে সিট বণ্টন হোক। কিন্তু শিহাব-রনি গ্রুপ মঙ্গলবার ওই ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এ কারণেই সমস্যা।একক আধিপত্য বিস্তারের চেষ্টা: পুলিশ ও ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, নিউমার্কেট ও ঢাকা কলেজের আশপাশের হকার ও ফুটপাতের ব্যবসার নিয়মিত ভাগ-বাটোয়ারা আসে কলেজের ক্ষমতাসীন দলের নেতাদের কাছে। এ ছাড়া পরিবহন খাত ও আশপাশের বিভিন্ন দোকান থেকে নিয়মিত চাঁদা ও মাসোয়ারাও আসে। কিন্তু ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর ঢাকা কলেজে কোনো পক্ষেরই একক আধিপত্য ছিল না। ফলে উভয় পক্ষই চাইছিল, প্রতিপক্ষকে থেকে বের করে ক্যাম্পাসের একক নিয়ন্ত্রণ নিতে। গালিবকে সমর্থন দিচ্ছিলেন কেন্দ্রীয় সভাপতি: ঢাকা কলেজের সংঘর্ষের পর পুলিশ গালিব নামে এক ছাত্রের কাছ থেকে ৫৪টি গুলি উদ্ধার করে। গালিব ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। একাধিক সূত্র নিশ্চিত করে বলেছে, গালিব মূলত ক্যাডার রাজনীতি করে। মূলত ঢাকা কলেজে তাকে নেতা বানানোর চেষ্টা করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান। এক সময় তারেককে পছন্দ করলেও জরুরি অবস্থার পর গালিবকে প্রাধান্য দেন মাহমুদ হাসান। এ ছাড়া গালিব গুরুত্বপূর্ণ একজন প্রতিমন্ত্রীর আত্মীয়।নিউমার্কেট থানার ওসি জানান, গালিবের কাছ থেকে একটি প্যাকেটে পয়েন্ট ২২ বোরের রিভলবারের ৫০টি গুলি ও পয়েন্ট ৩২ পিস্তলের দুটি গুলি উদ্ধার করা হয়েছে।তবে গালিবকে সমর্থনের বিষয়টি অস্বীকার করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, ঢাকা কলেজের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।নেপথ্যে সাবেক নেতারা: ঢাকা কলেজের ছাত্রলীগের কমিটি গত মাসে বিলুপ্ত করা হয়। এরপর কলেজে মাদারীপুরের শিহাব ও গোপালগঞ্জের রনি মিলে একটি পক্ষ হয়। তাঁদের সমর্থন দিচ্ছিলেন কলেজের সাবেক সভাপতি ছগির আহমেদ। এ ছাড়া তারেক ও গালিব মিলে একটি পক্ষ হয়। তাঁদের সমর্থন করতেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান।বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বলেন, সভাপতি বা তিনি কেউই এখন ক্যাম্পাসে যান না। এখন যে যার মতো করে রাজনীতি করছে। তাঁদের কিছু করার নেই। ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দিন প্রথম আলোকে বলেন, মূলত সিট দখলকে কেন্দ্র করেই দুই পক্ষে সংঘর্ষ হয়েছিল। এখনো মাস্টার্সের অনেক ছাত্রের পরীক্ষা শেষ হয়নি। কিন্তু তার আগেই সিটগুলো দখলের চেষ্টা হচ্ছিল। ফলে এই সংঘর্ষ। জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষও বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সবাই ছাত্রাবাসে থাকবে। পরে মেধার ভিত্তিতে সিট বণ্টন করা হবে।