ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের পৃথক সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মিন্টু নামে ছাত্রলীগের একজন কর্মীকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ঢুকে অনুষদ ভবনের সামনে ছাত্রলীগের উদ্দেশে কটূক্তি করেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্রলীগের কর্মী জাপানসহ কয়েকজন এর প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করলে তাঁরা অনুষদ ভবনে শিক্ষক সমিতির কার্যালয়ে আশ্রয় নেন। পরে কটূক্তি করার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি প্রশাসন ভবন প্রদক্ষিণ করে অনুষদ ভবনের পেছনে তাদের সাংগঠনিক টেন্টে গিয়ে শেষ হয়। এ সময় অনুষদ ভবনের কাছেই নিজেদের টেন্টে অবস্থান নেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহিনুর রহমান, সাদ্দাম হোসেন হলের সভাপতি তারেক, সাধারণ সম্পাদক মাসউদ, ছাত্রলীগের গাফফার, জনি, রেন্টু, মিন্টু, জহুরুলসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। মিন্টুকে গুরুতর অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত নেতা-কর্মীদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একপর্যায়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা পিছু হটেন।পরে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সাদ্দাম হোসেন হলে সশস্ত্র অবস্থান নিয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই হলের সামনে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিনসহ ১৫-১৬ জন শিক্ষক ঘটনাস্থলে পৌঁছালে তাঁরাও ছাত্রলীগের কর্মীদের তোপের মুখে পড়েন।সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে ছাত্রদলের নেতা-কর্মীরা বেলা ২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অনুষদ ভবনের সামনে আলোচনা করছিলেন। ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিষয়টি নিয়ে উসকানিমূলক কথা বলায় এ সংঘর্ষ শুরু হয়। পরে তাঁদের হামলায় ছাত্রলীগের মিন্টুসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই ছাত্রদল ও শিবির ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে।ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এতে তাঁদের পাঁচজন আহত হন। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে কাল (মঙ্গলবার) থেকে ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেওয়া হবে।ছাত্রশিবিরের সভাপতি শাহিনুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা কোনো কারণ ছাড়াই তাঁদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় তিনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।প্রক্টর মাহবুবুল আরফিন বলেন, বিছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সাদ্দাম হোসেন হলে তল্লাশি চালানো হয়েছে।