চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর গতকাল বুধবার ভোররাতে শাহজালাল হলে পুলিশ তল্লাশি চালিয়ে ছাত্রশিবিরের ৪২ নেতা-কর্মীকে আটক করেছে। তবে পরে গতকালই এঁদের মধ্য থেকে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। অভিযানের সময় পুলিশ কিছু ধর্মীয় বই ও একটি ছুরি উদ্ধার করে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন: ছাত্রশিবিরের শাহজালাল হল শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদ শাখার সভাপতি খায়রুল ইসলাম, একই শাখার সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বদিউল আকবর, বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে শাহজালাল হলের একটি কক্ষে ছাত্র ওঠানোকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ ভোররাত পর্যন্ত চলে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতারা। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা ব্যবহার করে। শাহজালাল হলের এ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলগুলোতেও ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।সূত্রমতে, ভোর চারটার দিকে শাহজালাল হলে পুলিশ তল্লাশি চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ এএসপি বাবুল আকতার।প্রশাসন সূত্রে জানা যায়, উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ারুল আজিমের সঙ্গে সব হলের প্রাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন বৈঠক করে। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মৃত্তিকা বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক খান তৌহিদ ওসমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর হল কর্তৃপক্ষকে আরও একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটিকে অতি দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।’ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি দাবি করেন। হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ এএসপি বাবুল আকতার প্রথম আলোকে বলেন, ‘তল্লাশি চালিয়ে ৪২ জনকে আটক করা হলেও পরীক্ষা থাকায় ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।’এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ গতকাল বুধবার বিকেলে ছয় দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে: শাহজালাল হল থেকে আটক করা শিবির ক্যাডারদের শাস্তি, আবাসিক হল ও কটেজ থেকে শিবিরের বহিরাগত ক্যাডারদের গ্রেপ্তার ও বিচার ইত্যাদি। উপাচার্য স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী বলেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অবৈধভাবে অবস্থান করছেন। মঙ্গলবার রাতে এর প্রতিবাদ করতে গেলে শিবিরকর্মীরা তাঁদের নেতা-কর্মীদের ওপর চড়াও হন। এতে তাঁদের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘পুলিশ হলে অভিযান চালিয়ে অন্যায়ভাবে আমাদের ৪২ জন নেতা-কর্মী ও সমর্থককে আটক করেছে।’ ছাত্রলীগের হামলায় শিবিরের অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।এদিকে এ ঘটনায় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সাফায়েত বিল্লাহ।