ছাত্রলীগের সন্ত্রাসে নারী-শিশু কেউই নিরাপদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত যুবলীগ যে ভূমিকায় ছিল, বর্তমানে ছাত্রলীগ সে ভূমিকায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসের কাছে কেবল ছাত্র-শিক্ষকেরাই নন, নারী-শিশু কেউই আর নিরাপদ নয়।আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের শোভাযাত্রা-পূর্ব সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।‘বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘এ স্বভাব বিএনপির নয়। লুটপাট, চুরি-চামারি আর মানুষ খুন আওয়ামী লীগের স্বভাব।’ তিনি বলেন, ‘জিয়াউর রহমানের জন্ম না হলে আওয়ামী লীগের পুনর্জন্ম হতো না। আর প্রধানমন্ত্রী এখন লম্বা লম্বা কথা বলতে পারতেন না।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘মিথ্যা’ মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে বলে দাবি করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এভাবে ভালো ভালো যত মানুষকে গ্রেপ্তার করা হোক না কেন, আন্দোলন বন্ধ হবে না।’যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম, কেন্দ্রীয় নেতা মামুন হাসান, হামিদুর রহমান, এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি শোভাযাত্রা কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়।