ছাত্রলীগের সভাপতিসহ পাঁচ নেতা আটক, কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকে গতকাল সোমবার রাতে আটক করা হয়েছে। এর আগে গত রোববার রাত থেকে কলেজ ছাত্রলীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। কলেজের ডেন্টাল ইউনিটে ডেন্টাল কাউন্সিল গঠন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষ বিরোধে জড়িয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হন কলেজের শিক্ষক নওশাদ আলী। রোববার রাতেই তিনি নগরের রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের পাঁচ নেতাকে আটক করে রাজপাড়া থানার পুলিশ। আটককৃতরা হলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সম্পদ কুমার দত্ত, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সিদ্দিকী লালন ও ছাত্রনেতা সন্দ্বীপ মৈত্র, নাহিদ ও অলয়। অভিযুক্ত অন্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।মহানগর পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, নওশাদ আলীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে ওই মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হতে পারে। অভিযোগে তিনি মোট নয়জন ছাত্রনেতার নাম উল্লেখ করেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।এদিকে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত প্রসঙ্গে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ডেন্টাল কাউন্সিল গঠন নিয়ে কলেজ শাখা ছাত্রলীগ দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েছে। তাঁদের মধ্যে আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এ জন্য অনির্দিষ্টকালের জন্য কলেজে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান বলেন, ‘কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। কোনো পক্ষ অন্যায় কিছু করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’কলেজ সূত্রে জানা গেছে, এক বছর আগে ডেন্টাল কাউন্সিলের মেয়াদ শেষ হয়। আগের কাউন্সিলের সভাপতি রেজাউল করিম ওরফে রকির নেতৃত্বে সম্প্রতি একটি কাউন্সিল গঠন করা হয়। গত শুক্রবার আগের কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক তানভীর শরীফের নেতৃত্বে ডেন্টাল ইউনিটের তৃতীয় বর্ষের ছাত্র আবিদকে সভাপতি করে পাল্টা একটি কাউন্সিল গঠন করা হয়। এ নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের দুটি পক্ষ তৈরি হয়। রকির পক্ষে দাঁড়ান কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান এবং তানভীরের পক্ষ নেন সভাপতি সম্পদ কুমার দত্ত। গত রোববার দুপুরে রকি-আশিকুরের নেতৃত্বে একদল ছাত্রলীগের কর্মী লাঠিসোঁটা নিয়ে ডেন্টাল ইউনিটে যান। সেখান থেকে তাঁরা তানভীরকে ধরে কলেজের ফটকের সামনে নিয়ে মারধর করেন। খবর পেয়ে সম্পদ কুমারের নেতৃত্বে ছাত্রলীগের অপর পক্ষের নেতা-কর্মীরা কলেজের অধ্যক্ষের কক্ষে ভাঙচুর করেন। কলেজের আমির উদ্দিন গ্যালারির সামনে শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক নওশাদ আলীকে তাঁরা লাঞ্ছিত করেন। এ পরিস্থিতিতে রাতে ছাত্রলীগ কলেজ শাখার কার্যক্রম স্থগিত ঘোষণা করে মহানগর ছাত্রলীগ।সম্পদ কুমার দত্ত বলেন, ‘তানভীরের কমিটি নিয়মতান্ত্রিকভাবে গঠন করা হয়েছে। কাজেই আমরা তাঁর পক্ষে।’আশিকুর রহমান বলেন, ‘অপর পক্ষ কলেজের শিক্ষককে লাঞ্ছিত করেছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।’